• বিজেপি পরিষদীয় দলের মুখ্যসচেতক হচ্ছেন উত্তরবঙ্গের বিধায়ক অম্লান ভাদুড়ি
    দৈনিক স্টেটসম্যান | ১৭ জুন ২০২৬
  • বৃহস্পতিবার ১৮ জুন থেকে শুরু হতে চলেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের প্রথম বাজেট অধিবেশন। সেই অধিবেশন শুরুর আগে শাসক দল বিজেপি পরিষদীয় দলের মুখ্যসচেতকের নাম ঠিক করে ফেলল। নবান্ন সূত্রে খবর, বিজেপি পরিষদীয় দলের মুখ্যসচেতক পদে বসানো হচ্ছে, ইংরেজবাজারের প্রথমবারের বিধায়ক অম্লান ভাদুড়িকে। পেশায় আইজীবী ও ব্যবসায়িক পরামর্শদাতা অম্লান তরুণ নেতা। এই তরুণ নেতার উপরেই ভরসা রেখেছেন মুখ্যমন্ত্রী। তবে প্রশাসনিক মহলের ধারণা ছিল, কোনও অভিজ্ঞ বিধায়ককেই হয়তো এই পদে বসানো হবে। পরিষদীয় দলের সিদ্ধান্ত অনুযায়ী ইতিমধ্যে অম্লানের নাম অনুমোদনের জন্য ফাইল পাঠানো হয়েছে নবান্নে। সেখান থেকে অনুমোদন মিললেই দায়িত্ব বুঝে নেবেন ইংরেজবাজারের এই বিধায়ক। ‌

    ২০২১-এর মতোই ২০২৬-এর নির্বাচনেও উত্তরবঙ্গে চোখ ধাঁধানো ফল করেছে বিজেপি। তাই রাজ্যে ক্ষমতা বণ্টন বা মন্ত্রিত্ব দেওয়ার ক্ষেত্রে উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি নেতৃত্ব। সরকার গঠন হতেই  কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বসুকে স্পিকার করা হয়েছে। উত্তরবঙ্গ থেকে নির্বাচিত একাধিক বিধায়ক ঠাঁই পেয়েছেন শুভেন্দু অধিকারী মন্ত্রীসভায়। যাঁর মধ্যে আছেন মাথাভাঙার বিধায়ক নিশীথ প্রামাণিক, ফালাকাটার বিধায়ক দীপক বর্মণ, তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায়, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মণ, হবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু।

    শুভেন্দু মন্ত্রিসভায় মালদহ জেলা থেকে একমাত্র মুখ জুয়েল মুর্মু। যদিও এই জেলায় ১২টির মধ্যে ৬টি আসনেই জয় পেয়েছে বিজেপি। মুখ্যসচেতক হিসাবে অম্লান ভাদুড়ির নাম বেছে নেওয়ার ক্ষেত্রে এই বিষয়টিও বিজেপি রাজ্য নেতৃত্ব মাথায় রেখেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

    উল্লেখ্য, বিধানসভার অধিবেশন চলাকালীন মুখ্যসচেতককে অত্যন্ত গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করতে হয়। কোন বিধায়ক কতক্ষণ বলবেন, তা চূড়ান্ত করার ক্ষেত্রে মুখ্যসচেতকের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্বের সময়ও মুখ্যসচেতকই নির্দিষ্ট করেন। এমনকী, মুখ্যমন্ত্রী বক্তব্য পেশের সময়সীমাও মুখ্যসচেতকের দপ্তরই চূড়ান্ত করে থাকে। ১৫ বছরের তৃণমূল সরকারের আমলে প্রথম পাঁচ বছর এই দায়িত্ব পালন করেছিলেন বালিগঞ্জের বর্তমান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। ২০১৬ থেকে শেষ দশ বছর এই দায়িত্বে ছিলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। তার আগে বাম সরকারের আমলে মুখ্যসচেতকের পদে অভিজ্ঞ বিধায়কদেরই দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু বিজেপি পরিষদীয় দল এ ক্ষেত্রে আস্থা রেখেছে উত্তরবঙ্গ থেকে উঠে আসা প্রথমবারের এক তরুণ বিধায়কের উপর। যা স্পষ্ট করেছে তরুণদের সামনে এগিয়ে আনার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা নিতে পারে তারা।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)