• ‘পাহাড়ে সব বন্ধ চা-বাগান খুলবে’, কার্শিয়াং থেকে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী
    দৈনিক স্টেটসম্যান | ১৭ জুন ২০২৬
  • পাহাড়ে চা-বাগান নিয়ে বরাবরই একটা সমস্যা দেখা গিয়েছিল। চা-বাগান বন্ধ হয়ে যাওয়া থেকে শুরু করে উপযুক্ত মজুরি না পাওয়া নিয়ে শ্রমিকদের মধ্যে বিস্তর অভিযোগ ছিল। বেশ কিছু চা-বাগান মালিক সঠিক পথে হাঁটেন না বলেও অভিযোগ ছিল। এবার রাজ্যে পালাবদল হয়েছে। বিজেপি সরকার গঠন হয়েছে। আর মুখ্যমন্ত্রী হয়ে উত্তরবঙ্গে পা রেখেই চা-বাগান শ্রমিকদের মুখে হাসি ফোটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গের চা বাগানগুলির উন্নতি এবং শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়ন নিয়েও সুখবর দিলেন তিনি।

    এদিকে বিধানসভা নির্বাচনে বিজেপিকে জেতানোর জন্য পাহাড়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাহাড়ের উন্নয়নের জন্য রোডম্যাপ তৈরি হয়েছে বলেও বার্তাও দেন তিনি। উত্তরবঙ্গের পাহাড়, তরাই, ডুয়ার্স চা-বাগান দিয়ে ঘেরা। এই চা- বাগানগুলি নানা সমস্যায় রয়েছে। একাধিক চা-বাগান বন্ধ হয়ে পড়ে রয়েছে। অনেক বাগান আবার ধুঁকছে। এই আবহে মঙ্গলবার চা-বাগানের উন্নতিতে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখানেই শুভেন্দু অধিকারী বলেন, ‘পাহাড়, তরাই, ডুয়ার্সে চা বাগানগুলিরও উন্নতি হবে।’

    অন্যদিকে মঙ্গলবারের সভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা, অর্থ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মণ, সাংসদ রাজু বিস্তা-সহ অন্যান্যরা। এখানের জনসভা থেকে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, ‘প্রধানমন্ত্রী ‘পিএম চা-শ্রমিক যোজনা’ চালু হয়েছে। বন্ধ থাকা ২৫টি চা-বাগানের জন্য ৩৩৪ কোটি টাকার উন্নয়নমূলক কাজ দ্রুত শুরু হচ্ছে। চা-বাগানের পরিকাঠামো উন্নয়নের প্রক্রিয়া শুরু হয়েছে। আপনাদের ভাই শুভেন্দু পাহাড়ে বেড়াতে আসবে না। কাজ করতে আসবে। যা বলব চিন্তাভাবনা করে বলব। আর যা বলব সেই কাজই আমি করব। আমার সরকার করবে।’

    তাছাড়া কেন্দ্রীয় সরকারের প্রকল্প দ্রুত পাহাড়ে পৌঁছে যাবে। পাহাড় দেশের গর্ব, বাংলার সম্মান। ডবল ইঞ্জিন সরকার পাহাড়ের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। পাহাড়ের মানুষের প্রত্যাশা পূরণ করবে এই সরকার বলেও জানিয়ে দেন শুভেন্দু অধিকারী। এখানেই মুখ্যমন্ত্রী সুখবর দেন, ‘পাহাড়ে সব বন্ধ চা বাগান খুলবে। রাজ্য সরকারের নানা সামাজিক সুরক্ষা প্রকল্প-সহ নাগরিক পরিষেবার সব সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তিনদিন ধরে এই শিবির চলবে রাজ্য জুড়ে। আগামী কয়েক মাসের মধ্যেই ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলে নিয়োগ হবে। কালিম্পংয়ে মেডিক্যাল কলেজ, কার্শিয়াংয়ে হাসপাতালের আপগ্রেডেশন সব আমাদের প্ল্যানিংয়ে আছে। ধীরে ধীরে আমরা করব।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)