আইএসআইয়ের মদতে ভারতকে রক্তাক্ত করার ছক! দিল্লিতে গ্রেপ্তার ৭ জঙ্গি, জারি হাই অ্যালার্ট
প্রতিদিন | ১৭ জুন ২০২৬
পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতে ভারতকে রক্তাক্ত করার ছক! দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার ৭ জঙ্গি। সূত্রের খবর, রাজধানী-সহ দেশের একাধিক জায়গায় ধারাবাহিক বিস্ফোরণের ছক কষেছিল তারা। শুধু তাই নয়, ধৃতদের সঙ্গে পাক গ্যাংস্টার শাহজাদ ভট্টি এবং তার সঙ্গী আজমল গুজ্জরের যোগ ছিল বলে খবর। গোটা ঘটনাটিকে ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে।
পুলিশ জানিয়েছে, এই চক্রটি পাক গুপ্তচর সংস্থার নির্দেশে সন্ত্রাসী হামলা, অস্ত্র ও মাদক পাচার এবং দেশের গোয়ান্দা সংস্থাগুলির গোপন তথ্য হাতানোর মতো কাজ করত। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তাদের তত্ত্বাবধানেই পাকিস্তান থেকে অস্ত্র, গোলাবারুদ এবং হেরোইনের মতো মাদক পাঞ্জাবে পাচার হত। এরপর সেখান থেকে সেগুলি দিল্লি এবং দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হত। সম্প্রতি গোপন সূত্রে গোয়েন্দারা এই চক্রটির বিষয়ে জানতে পারেন। তারপরই তাদের খোঁজে শুরু হয় তল্লাশি। অবশেষে দিল্লি পুলিশের স্পেশাল সেলের ‘ইস্টার্ন রেঞ্জ’-এর জালে ধরা পড়ে ৭ জঙ্গি। তাদের গ্রেপ্তারির পরই রাজধানীজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ধৃতদের কাছ থেকে দিল্লি-সহ উত্তর ভারতের একধিক রাজ্যের সংবেদনশীল জায়গায় ছবি এবং তথ্য উদ্ধার হয়েছে। ওই ছবি ও তথ্য মিলিছে ধৃতদের মোবাইল এবং ইলেকট্রনিক গ্যাজেটসে।
প্রসঙ্গত, এর আগে দিল্লি থেকে শাহজাদ ভট্টি মডিউল-এর ৯ জঙ্গিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। জানা গিয়েছিল, রাজধানীর একাধিক জায়গায় আইইডি বিস্ফোরণের ছক কষেছিল তারা। গোয়েন্দা সংস্থাগুলির তরফে সতর্ক করে বলা হয়েছিল, আইইডি হামলার পাশাপাশি গাড়িতে বিস্ফোরণ, আত্মঘাতী হামলা অথবা গুলি চালিয়ে সাধারণ মানুষকে হত্যার ছকও কষেছিল সন্ত্রাসীরা। সেই ঘটনার এক মাস কাটতে না কাটতেই ফের জঙ্গি তৎপরতা দিল্লিতে। গোটা ঘটনায় রীতিমতো উদ্বেগ সৃষ্টি হয়েছে।