‘কাজ করলে পুরস্কার, না হলে বহিষ্কার’, জনকল্যাণ শিবিরে আধিকারিকদের কড়া বার্তা মন্ত্রীর
প্রতিদিন | ১৭ জুন ২০২৬
আধিকারিকদের কোনও পক্ষপাতিত্ব করা চলবে না। দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে কড়া ব্যবস্থা। মানুষকে পরিষেবা দিতে হবে। মঙ্গলবার মুর্শিদাবাদে (Murshidabad) নবগ্রামে জলকল্যাণ শিবিরে পরিদর্শনে এসে এমনই কড়া বার্তা দিলেন জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দপ্তরের মন্ত্রী গৌরীশংকর ঘোষ। মঙ্গলবার তিনি বলেন, “ভালো কাজ করলে পুরস্কার, না করলে বহিষ্কার।”
রাজ্যজুড়ে জনকল্যাণ শিবির আয়োজন করেছে রাজ্য সরকার। কেন্দ্র ও রাজ্য সরকারের মোট ৫৪টি প্রকল্পের সুবিধা পাওয়া যাচ্ছে। জনসাধারণকে আবদেন করতে সাহায্য করছেন আধিকারিকরা। নবগ্রাম বিধানসভায় আয়োজিত একটি ক্যাম্পে আসেন মুর্শিদাবাদের বিধায়ক তথা মন্ত্রী গৌরীশংকর ঘোষ। কাজ কেমন চলছে তা খতিয়ে দেখেন তিনি। আধিকারিক ও জনতার বিভিন্ন সমস্যার কথা তিনি শোনেন। সরাকারি অফিসারদের কথা মতো কাজ করতে জনতাকে অনুরোধ করেছেন তিনি। পাশাপাশি কড়া বার্তায় দিয়েছেন তিনি।
সরকারি আধিকারিকদের হুঁশিয়ারি দিয়ে বলেন, “সাধারণ মানুষের স্বার্থে স্বচ্ছতা ও সততার সঙ্গে কাজ করতে হবে। কোনওরকম দুর্নীতি বা অনিয়ম বরদাস্ত করা হবে না। ভালো কাজ করলে পুরস্কার দেওয়া হবে, আর দায়িত্বে গাফিলতি বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বহিষ্কার করা হবে।” বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছায়, সেই বিষয়েও আধিকারিকদের সতর্ক করেন তিনি। এ দিন নবগ্রামের এই শিবিরে মন্ত্রীর সঙ্গে ছিলেন ব্লক আধিকারিক, নবগ্রাম বিধানসভার বিধায়ক দিলীপ সাহা-সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব।
উল্লেখ্য, রাজ্যজুড়ে প্রায় ১১০০ জনকল্যাণ শিবির শুরু হয়েছে। সোমবার ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত, সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কাজ চলছে। প্রত্যেক শিবিরে ৫৪টি জনমুখী প্রকল্পের সুবিধা পাওয়ার কথা বলে জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একাধিক ‘বন্ধ থাকা’ কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাও মিলছে এই শিবিরে।