• বাংলায় লগ্নির জোয়ার! আসতে চাইছেন ৪২ জন শিল্পপতি, জানালেন শিল্পমন্ত্রী তাপস রায়
    প্রতিদিন | ১৭ জুন ২০২৬
  • রাজ্যে পালাবদলের মাত্র দেড় মাসের মধ্যে অন্তত ৪২ জন শিল্পপতি যোগাযোগ করেছেন, তাঁরা রাজ্যে বিনিয়োগ করতে চান। এমনটাই জানালেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায় (Tapas Roy)। রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ গড়ার কথা আগেই জানিয়েছিলেন তিনি। বাংলায় টাটাকে ফেরানোরও আশ্বাস দিয়েছিলেন। এই আবহে ৪২ জন শিল্পপতি রাজ্যে বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন।

    রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ গড়তে বদ্ধপরিকর নবনির্বাচিত বিজেপি সরকার। এই লক্ষ্য পূরণের জন্য কাজ শুরু করেছেন শিল্পমন্ত্রী। তিনি জানিয়েছেন, তিনি নিজে টাটা-সহ বিভিন্ন বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ করবেন। এরই মধ্যে রাজ্যে বিনিয়োগ করতে চেয়ে শিল্পপতিরা যোগাযোগ করতে শুরু করেছেন। জানা গিয়েছে, চলতি বাজেট অধিবেশনে শিল্পক্ষেত্রে বিনিয়োগ নিয়ে একাধিক বড় ঘোষণা করা হতে পারে।

    ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যের শিল্প ও অর্থনীতির বেহাল অবস্থাকে প্রচারে তৃণমূলের বিরুদ্ধে ঢাল বানিয়েছিল বিজেপি। রাজ্যে পালাবদলের পর এই দুই ক্ষেত্রে জোয়ার আনতে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা করতে চাইছে কেন্দ্র। এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে নীতি আয়োগকে। ইতিমধ্যে সেই কাজও শুরু হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের সুবাদে দ্রুত রাজ্যে লগ্নি আসবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে পালাবদলের মাত্র দেড় মাসের মাথায় রাজ্যে বিনিয়োগের ক্ষেত্রে শিল্পপতিরা আগ্রহ প্রকাশ করেছেন। আগামী ২২ জুন পেশ হতে চলেছে রাজ্য বাজেট। নতুন সরকার শিল্প ও অর্থনীতির উন্নয়নে কী কী রূপরেখা গ্রহণ করবে সেই দিকে তাঁকিয়ে শিল্পপতি থেকে শুরু করে সাধারণ মানুষ।

    তাপসের অভিযোগ, আগের সরকারের আমলে তোলাবাজি ছাড়াও বিভিন্ন কারণে বিনিয়োগকারীরা রাজ্য ছেড়ে চলে গিয়েছে। এই পরিস্থিতিতে তাঁদের বিনিয়োগকারীদের রাজ্যে ফেরানোই প্রধান কাজ হবে বলে জানান তাপস। তিনি জানিয়েছেন, “নিজেদের শিল্প বাড়ানো এবং একটি পরিবারের বৈভব বাড়ানোর দিকেই নজর ছিল আগের সরকার। পশ্চিমবঙ্গের দিকে কোনও নজর ছিল না সরকারের।”
  • Link to this news (প্রতিদিন)