ঘাস কাটতে গিয়ে সীমান্ত এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ যুবক! উত্তেজনা ছড়াল অসমে
News18 বাংলা | ১৭ জুন ২০২৬
অসমের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে যুবকের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছড়াল উত্তেজনা৷ স্থানীয়দের অভিযোগ, বাংলাদেশি দুষ্কৃতীরা ওই যুবককে অপহরণ করে সীমান্ত পেরিয়ে নিয়ে গিয়েছে৷ ওই যুবকের রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এদিন তীব্র উত্তেজনা ছড়ায়৷ সূত্রের খবর, নিখোঁজ যুবকের নাম রঞ্জিত দাস (২৮)। তিনি কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজতিলা এলাকার নরসিংহপুর গ্রামের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বাড়ির কাছাকাছি এলাকায় ঘাস কাটতে বেরিয়েছিলেন রঞ্জিত। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এরপর স্থানীয়দের একাংশের দাবি, সীমান্তের ওপার থেকে আসা দুষ্কৃতীরাই তাঁকে অপহরণ করে নিয়ে যেতে পারে।
এই ঘটনাকে ঘিরে সীমান্তবর্তী গ্রামজুড়ে আতঙ্ক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। রঞ্জিতের পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসন ও পুলিশের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে তাঁকে খুঁজে বের করার এবং নিরাপদে ফিরিয়ে আনার আবেদন জানান হয়েছে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ফুলবাড়ী এলাকায় আচমকাই একটি রহস্যময় ড্রোনের দেখা মেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনায় স্থানীয় বাসিন্দাদের দাবি, বৃহস্পতিবার দুপুরে আকাশে একটি অজানা ড্রোন উড়তে দেখা যায়। কিছুক্ষণ ধরে এলাকায় চক্কর কাটার পর সেটি নিউ জলপাইগুড়ি থানার অধীন ডাবগ্রাম পুলিশ ব্যাটালিয়নের সামনে এসে পড়ে। ঘটনাটি নজরে আসতেই এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।