• ভোটের ফল ঘোষণার আগে শুভেন্দুকে নিয়ে আপত্তিকর পোষ্ট, প্রকাশ্যে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা
    News18 বাংলা | ১৭ জুন ২০২৬
  • জনরোষের মুখে প্রকাশ্য সভায় ক্ষমা চাইলেন তৃণমূল নেতা, সাষ্টাঙ্গে বিজেপি কর্মী দের প্রণাম করে ভুল স্বীকারের ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য খট্টিমারিতে। ধূপগুড়ির খট্টিমারিতে ফের রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এক সময়ের প্রভাবশালী তৃণমূল নেতা জগবন্ধু রায়কে প্রকাশ্য সভায় করজোড়ে ক্ষমা চাইতে এবং সাষ্টাঙ্গে প্রণাম করতে দেখা যায়। ঘটনাকে ঘিরে এলাকায় শুরু হয়েছে জোর চর্চা।

    অভিযোগ, নির্বাচনের ফলাফল ঘোষণার আগে ঝাড় আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ওই তৃণমূল নেতা নিজের ফেসবুক অ্যাকাউন্টে তৎকালীন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে একটি আপত্তিকর পোস্ট করেন। সেই পোস্ট ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। তবে বিষয়টি নিয়ে নির্বাচনের ফলাফল ঘোষণার আগে সেই ধরনের কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি বিজেপি নেতাদের। পরে শুভেন্দু অধিকারী রাজ্যে মুখ্যমন্ত্রী হন। রাজ্য সরকারের ক্ষমতা বদল হতেই বিজেপির পক্ষ থেকে আপত্তি জানিয়ে পোস্ট মুছে ফেলা ও প্রকাশ্যে দুঃখ প্রকাশের দাবি করা হয়।

    এই নিয়ে ক্ষোভও বাড়ছিল স্থানীয় মানুষদের মধ্যে। এদিন খট্টিমারি স্কুল চৌপতি এলাকায় একটি বৈঠকে জগবন্ধু রায় নিজের বক্তব্যে দুঃখপ্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার আশ্বাস দেন। উপস্থিত সাধারণ মানুষের সামনে তিনি ক্ষমা চান এবং সাষ্টাঙ্গে প্রণাম করেন। ঘটনাস্থলে স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। রাজ্যে পালাবদলের পরেই তৃণমূলের অনেকেই ক্ষমতায় থাকার সময় করা বিভিন্ন অভিযোগে গ্রেফতার হয়েছেন। শুভেন্দুকে নিয়ে আপত্তিকর পোস্টের ঘটনায় যদিও গোটা বিষয়টি শান্তিপূর্ণভাবেই মীমাংসা হয়েছে বলে দাবি উভয় পক্ষের।
  • Link to this news (News18 বাংলা)