• মাঠে খেলছিল ১৩ বছরের কিশোর, হঠাৎ বাজ পড়ে সব শেষ, মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের
    News18 বাংলা | ১৭ জুন ২০২৬
  • খেলার মাঠে বজ্রাঘাতে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির ছাত্রের। পূর্ব বর্ধমানের জামালপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ফুটবল খেলতে গিয়ে বজ্রাঘাতে মৃত স্কুলছাত্রের নাম অর্ঘ্য রুইদাস (১৩)। সে জামালপুর ব্লকের বেড়ুগ্রাম অঞ্চলের বলরামপুর বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

    মঙ্গলবার বিকেলে বাড়ির পাশের মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল অর্ঘ্য। তখন আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি শুরু হয়নি। খেলার মধ্যেই আচমকা বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতের তীব্রতায় অর্ঘ্য এবং তার এক বন্ধু মাঠেই সংজ্ঞাহীন হয়ে পড়ে।

    ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত দু’জনকে উদ্ধার করে জামালপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা অর্ঘ্য রুইদাসকে মৃত বলে ঘোষণা করেন। অপর এক কিশোরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

    প্রসঙ্গত, ২০ জুন শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ঝড় এবং বৃষ্টি বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি। স্বল্প সময়ের জন্য অল্প বৃষ্টি হতে পারে, তবে বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

    শনিবার থেকে বাড়বে ঝড় এবং বৃষ্টি তাই রবিবার থেকে পারদ নামার ইঙ্গিত রয়েছে। ঝড় এবং বৃষ্টির জেরে সাময়িক স্বস্তি মিলতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঝড় বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। তাই সব মানুষদের সতর্ক করা হয়েছে ঝড়বৃষ্টির সময় বাইরে না যেতে।

    উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে, কিছু কিছু জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় বিক্ষিপ্ তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। দু এক দিন উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই উত্তরবঙ্গে।
  • Link to this news (News18 বাংলা)