• জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে পথ অবরোধ, বিক্ষোভ! গ্রেফতার ৭, এখন কী পরিস্থিতি ফলতায়?
    News18 বাংলা | ১৭ জুন ২০২৬
  • মঙ্গলবার জাহাঙ্গির খানেক মুক্তির দাবি বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ফলতায়৷ তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে মঙ্গলবার ফলতার মল্লিকপুরের মামুদপুর, নওপুকুরিয়া, বোনহোগলা ও শতল কলসা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁর অনুগামীরা। অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেই জানা গিয়েছে৷

    পুলিশ অবরোধ তুলতে গেলে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুজন মহিলা রয়েছেন। পুলিশ সূত্রে খবর, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

    পুনর্নির্বাচনের আগেই লুকিয়েছিলেন জাহাঙ্গীর। পরে ফলতার এই তৃণমূল নেতাকে নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। এবার হাফপ্যান্টে ‘পুষ্পা’। পাশাপাশি কান ধরিয়ে, কোমরে দড়ি বেঁধে ফলতার জাহাঙ্গীরকে ঘোরানো হল। যেমন কর্ম তেমন ফল, বলছেন ফলতার মহিলারা।

    গ্রেফতার হওয়ার পরেও পুষ্পার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। ফলতার বাসিন্দা অনিল হালদারের অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তাঁকে ডেকে হুমকি দেন জাহাঙ্গীর খান। তাঁর দাবি, শুভেন্দু অধিকারীর সভায় যোগ দেওয়া এবং তাঁর সঙ্গে ছবি তোলার কারণেই তাঁকে নিশানা করা হয়েছিল। অনিল হালদারের আরও অভিযোগ, জাহাঙ্গীর খানের জন্মদিন পালন উপলক্ষে এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে তোলা আদায় করা হতো।
  • Link to this news (News18 বাংলা)