• ছয় মাস ধরে পূর্ব বর্ধমানের বামুনিয়া গ্রামে পানীয় জলের হাহাকার, পথ অবরোধ
    News18 বাংলা | ১৭ জুন ২০২৬
  • ছ’ মাস ধরেই ঠিকমতো জলটুকুও পাচ্ছেন না। এই অভিযোগ তুলে পথ অবরোধ করলেন পূর্ব বর্ধমানের বামুনিয়া গ্রামের মহিলারা। এলাকাবাসীর অভিযোগ, ছ’ মাস ধরে পানীয় জল সরবরাহ অনিয়মিত। কয়েক দিন ধরেই পাইপলাইনে জল আসছেই না বলে তাদের অভিযোগ।তাই ক্ষুব্ধ স্থানীয় গ্রামবাসীরা পথ অবরোধ করলেন। মঙ্গলবার ভাতার থানার বামুনাড়া গ্রামে পথ অবরোধের জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়।

    এদিন সকাল সাড়ে ছটা নাগাদ অবরোধ শুরু হয়। চলে প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে। মহিলারা ফাঁকা বালতি নিয়ে পোস্টার হাতে বসে পড়েন রাস্তার উপর। ভাতার-কামারপাড়া সড়ক পথে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এই সময় সকালে স্কুল চলছে। স্কুলের পথে যাওয়া পড়ুয়ারা থেকে শিক্ষক শিক্ষিকারা আটকে পড়েন। পুলিশ ঘটনাস্থলে এসে বোঝানোর চেষ্টা করে, কিন্তু গ্রামবাসীরা অনঢ়।

    জানা গিয়েছে ভাতারের বামুনাড়া অঞ্চলের গ্রামগুলিতে পাইপলাইনের মাধ্যমে পানীয়জল সরবরাহ করা হয়। জলাধার ও পাম্প রয়েছে পানোয়া গ্রামের কাছে। স্থানীয়দের অভিযোগ ওই জলপ্রকল্প থেকে পানোয়া, কানপুর, চণ্ডীপুর, কাপশোর ইত্যাদি গ্রামে ঠিকঠাক পানীয়জল সরবরাহ করা হলেও বামুনাড়া, কুমারুন ইত্যাদি কয়েকটি গ্রামে ঠিকমতো জল আসে না। বামুনাড়া জনবহুল গ্রাম। বামুনাড়া গ্রামের মেনাডাঙ্গা, বাবুপাড়া, দাসপাড়া, মাঝেরপাড়া, খাসপাড়া, নাথপাড়া, ধরপাড়া ইত্যাদি পাড়াগুলিতে প্রায় ছয় মাস ধরেই পানীয়জলের এমন সঙ্কট চলছে বলে অভিযোগ। ওইসমস্ত পাড়া মিলে এদিন পোস্টার হাতে পথ অবরোধে বসে পড়েন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা জানান, বারবার জানিয়েও কোনোও সুরাহা হয়নি। জল কোনো দিন এক আধ ঘন্টা দেওয়া হয়৷ কোনও দিন আসেই না, তারা এর বিহিত চান।
  • Link to this news (News18 বাংলা)