পেঁয়াজ বোঝাই লরিতে লুকিয়ে লক্ষ লক্ষ টাকার কী ‘জিনিস’ নিয়ে যাওয়া হচ্ছিল? বস্তা খুলতেই চক্ষু চড়ক
News18 বাংলা | ১৭ জুন ২০২৬
পেঁয়াজ বোঝাই লরিতে লুকিয়ে গাঁজা পাচারের ছক ভেস্তে দিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে জাতীয় সড়কের ওপর হাতেনাতে দুই পাচারকারীকে পাকড়াও করল ঝাড়গ্রাম থানার পুলিশ। সূত্রের খবর, লরি থেকে উদ্ধার হয়েছে চার বস্তা গাঁজা যার ওজন প্রায় ৬০ কেজি। জানা গিয়েছে উদ্ধার হওয়া ওই গাঁজার বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকার কাছাকাছি। এই মাসে জেলা জুড়ে মোট দুই কুইন্টালের কাছাকাছি গাঁজা উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়ক ব্যবহার করে পেঁয়াজের লরির আড়ালে বিপুল পরিমাণ গাঁজা পাচারের একটি পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু ঝাড়গ্রামে লরিটি প্রবেশ করতেই আগে থেকে ওত পেতে থাকা ঝাড়গ্রাম থানার পুলিশ গাড়িটিকে আটকায়। তল্লাশি চালাতেই পেঁয়াজের বস্তার আড়াল থেকে উদ্ধার হয় গাঁজার প্যাকেটগুলি। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য পাচার চক্রের পেছনে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, গত রবিবারই মাদক উদ্ধারে বড়সড় সাফল্য পায় মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ৷ রাজ্য সড়ক ১১-এর পাহাড়পুর এলাকায় নাকা তল্লাশি চালিয়ে দুই মাদক পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩০২ গ্রাম নিষিদ্ধ মাদক হেরোইন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লালগোলা থানার একটি বিশেষ দল রাজ্য সড়ক ১১, পাহাড়পুর এলাকায় নাকা তল্লাশি চালায়।
‘স্ক্রিপ্টেড ছিল?’ ডিজে মন্তব্য নিয়ে অভিষেককে কোন ১০ প্রশ্ন CID-র? উত্তরে যা বললেন তৃণমূল সাংসদ
সেই সময় সন্দেহভাজন দুই যুবককে দেখে তাদের আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় তাদের কথাবার্তায় অসঙ্গতি মেলায় তল্লাশি চালানো হয়। তল্লাশিতে সাহিন শেখ ও মহম্মদ আকাশ আলি নামে দুই ব্যক্তির কাছ থেকে প্লাস্টিকের প্যাকেটে মোড়া ৩০২ গ্রাম হেরোইন উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে মাদকদ্রব্য বাজেয়াপ্ত করে দু’জনকে গ্রেফতার করা হয়।