• ১০ মিনিটে অ্যাপে অর্ডার করতেই এল ‘ব্যক্তিগত মুহূর্তের ছবি’! সাইবার অপরাধের নয়া ফাঁদ
    এই সময় | ১৭ জুন ২০২৬
  • এক কুইক ডেলিভারি অ্যাপ থেকে স্রেফ একটি জলের বোতল অর্ডার করেছিলেন মধ্যপ্রদেশের ইন্দোরের এক কলেজছাত্রী। কিন্তু সেই অর্ডারের আড়ালেই যে ওত পেতে ছিল এক ভয়ঙ্কর সাইবার অপরাধের থাবা, তা তিনি ঘুনাক্ষরে টের পাননি। বোতল অর্ডারের পর মুহূর্তেই মধ্যেই তাঁর ফোনে আসে এক রহস্যময় ফোনকল। আর তার পরেই ঘটে যায় এক হাড়হিম করা ঘটনা। ‘ব্যক্তিগত মুহূর্তের ছবি’ ভাইরাল করার ব্ল্যাকমেলের শিকার হয়ে প্রায় ৩ লক্ষ টাকা খুইয়েছেন ওই তরুণী।

    ইন্দোরের খাজরানা থানা সূত্রে খবর, গত সোমবার ওই ছাত্রী একটি কুইক ডেলিভারি অ্যাপে জলের বোতল অর্ডার করেন। কিছুক্ষণের মধ্যেই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ফোনকল পান তিনি। ফোনের ওপার থেকে জানানো হয়, তাঁর অর্ডারটি বাতিল করা হয়েছে এবং টাকা ফেরতের জন্য একটি বিশেষ লিঙ্ক পাঠানো হচ্ছে। প্রতারকদের পাতা ফাঁদে পা দিয়ে ছাত্রীটি সেই লিঙ্কে ক্লিক করতেই শুরু হয় ব্ল্যাকমেলের খেলা।

    লিঙ্কে ক্লিক করার পরপরই ওই ছাত্রীর ফোনে দ্বিতীয়বার ফোনকল আসে। এ বার ওপার থেকে দাবি করা হয়, তরুণীর ফোনের গ্যালারিতে থাকা কিছু ‘ব্যক্তিগত মুহূর্তের ছবি’ ওই ব্যক্তির কাছে রয়েছে এবং টাকা না দিলে সেগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে।

    ভয় পেয়ে সেই সময়ে তড়িঘড়ি UPI-এর মাধ্যমে ৩০ হাজার টাকা পাঠান তরুণী। কিন্তু আসল ধাক্কাটি লাগে পরের দিন অর্থাৎ, মঙ্গলবার (১৬ জুন)। কলেজের বেতন জমা দিতে গিয়ে ওই ছাত্রী আবিষ্কার করেন যে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পূর্ণ শূন্য! বিভিন্ন ছোট ছোট ট্রানজ্যাকশনের মাধ্যমে তাঁর অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে প্রায় ৩ লক্ষ টাকা।

    সাইবার বিশেষজ্ঞদের একাংশের মতে, টাকা রিফান্ড করার ছলে যে লিঙ্কটি পাঠানো হয়েছিল, তার আড়ালেই লুকিয়ে ছিল কোনও ক্ষতিকারক ম্যালওয়্যার বা ফিশিং সফটওয়্যার। তার মাধ্যমে তরুণীর ফোনের গ্যালারি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারদের হাতে। এর পরে খাজরানা থানার দ্বারস্থ হয়েছেন ওই কলেজছাত্রী। তাদের সাইবার ক্রাইম বিভাগ অজ্ঞাতপরিচয় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

  • Link to this news (এই সময়)