• ইনস্টাগ্রামে প্রেম থেকে লিভ-ইন, বচসার জেরে সঙ্গিনীকে গলা টিপে খুনের অভিযোগে গ্রেপ্তার যুবক
    এই সময় | ১৭ জুন ২০২৬
  • লিভ-ইন পার্টনারকে গলা টিপে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শনিবার রাতে বেঙ্গালুরুর মাল্লেশ্বরম এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতার নাম অনুষা (২০)। ব্যক্তিগত বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান। ইতিমধ্যে শরৎ নামে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত চলছে।

    পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, অনুষার সঙ্গে ইনস্টাগ্রামে আলাপ হয়েছিল শরতের। সেখান থেকে বন্ধুত্ব। দু’জনেই কর্নাটকের হাসন জেলার সাকলেশপুরের বাসিন্দা। বন্ধুত্ব প্রেমে গড়াতে সময় লাগেনি। এর পরেই একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন তাঁরা। গত ৬ মাস ধরে মল্লেশ্বরমের একটি ভাড়া বাড়িতে ঘর বেঁধেছিলেন দু’জনে।

    প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সোমবার রাতে ব্যক্তিগত বিষয় নিয়ে দু’জনের মধ্যে বচসা বাঁধে। কথা কাটাকাটি শুরু হয়। মুহূর্তের মধ্যে তা হাতাহাতির রূপ নেয়। অভিযোগ, বিবাদ চরমে উঠতেই আচমকা অনুষার উপরে ঝাঁপিয়ে পড়েন শরৎ। তার পরে গলা টিপে খুন করেন বলে অভিযোগ। এর পরেই অবস্থা বেগতিক বুঝে বাড়ি ছেড়ে পালান তিনি। অনুষার দেহ পড়ে থাকে সেখানেই।

    সোমবার গোটা বিষয়টা প্রকাশ্যে আসে। অভিযোগ, শরৎ নিজেই তাঁর আইনজীবীকে পুরো ঘটনার কথা বিস্তারিত জানান। সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন ওই আইনজীবী। কিছুক্ষণের মধ্যেই মল্লেশ্বরমের ভাড়া বাড়িতে পৌঁছয় শেষাদ্রিপুরম থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় স্থানীয় হাসপাতালে।

    এর পরেই শরতের খোঁজে শুরু হয় তল্লাশি। শেষ পর্যন্ত মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুনের নেপথ্যে শুধুই পারিবারিক অশান্তি ছিল, নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি, ঘটনার আগে-পরে শরতের গতিবিধি এবং দু’জনের মধ্যে ঠিক কী নিয়ে বিবাদ হয়েছিল, সে বিষয়েও তথ্য সংগ্রহ করছে পুলিশ। তদন্ত এখনও চলছে।

  • Link to this news (এই সময়)