• ফোন বন্ধ ৬ সাংসদের, উদ্ধব শিবিরে ভাঙনের জল্পনা! ‘অপারেশন টাইগার’ ঘিরে তোলপাড় মহারাষ্ট্র
    এই সময় | ১৭ জুন ২০২৬
  • ভাঙা দলে ফের ভাঙন? শিবসেনার (উদ্ধব শিবির) সাংসদদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না খোদ উদ্ধব ঠাকরে। পাওয়া যাচ্ছে না ফোনে। কয়েক জন সাংসদ নাকি নিজেদের মোবাইল পর্যন্ত স্যুইচড অফ করে রেখেছেন। এমন খবর ছড়িয়ে পড়েছে মহারাষ্ট্রের রাজ্য রাজনীতিতে। তবে উদ্ধব-ঘনিষ্ঠ সঞ্জয় রাউত দাবি করেছেন, ‘অল ইজ় ওয়েল’। কিন্তু তাতে জল্পনা থামছে না। বরং বাংলার মতোই উদ্ধবের শিবিরেও ফের ভাঙনের ঢেউ লাগতে পারে বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

    বাংলায় পালাবদলের পরেই বিদ্রোহের আগুন লেগেছে তৃণমূল শিবিরে। ৫৮ জন বিধায়ক জোট পাকিয়ে নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করেছেন। সংসদেও লেগেছে ভাঙনের ঢেউ। ২০ জন সাংসদ নতুন দলে যোগ দিয়ে ভিড়েছেন এনডিএ শিবিরে। বাংলায় ওঠা এই ঝড়ের আঁচ গিয়ে পড়ল ইন্ডিয়া জোটের শরিক উদ্ধবের ঘরে। গত রবিবার বাসভবন ‘মাতশ্রী’-তে সাংসদদের বৈঠকে ডেকেছিলেন উদ্ধব। কিন্তু পাঁচ জন সাংসদ সেখানে হাজির হননি। তার পর থেকেই তাঁরা নাকি ‘নাগালের বাইরে’।

    উদ্ধব শিবিরের সাংসদ সংখ্যা ১০। এর মধ্যে ৯ জন লোকসভার। আর একজন রাজ্যসভার সাংসদ। ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, ৯ জন লোকসভার সাংসদদের মধ্যে অন্তত ৬ জন উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন। শুধু তাই নয়, যে কোনও মুহূর্তে তাঁরা দল বদলাতে পারেন বলেও জল্পনা ছড়িয়েছে। সূত্রের খবর, বুধবার ভোরে দিল্লিতে একনাথের পুত্র শ্রীকান্তর বাসভবনে এই ‘বিদ্রোহী’ সাংসদদের বৈঠক করার কথা রয়েছে। তার পরেই নাকি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তাঁরা।

    উদ্ধব শিবিরের সঞ্জয় দিনা পাটিল, সঞ্জয় দেশমুখ, নাগেশ পাটিল অষ্টিকার, ওমরাজে নিম্বালকর, ভাউসাহেব ওয়াকচৌরে এবং সঞ্জয় যাদব একনাথ শিন্ডের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলে সূত্রের দাবি। তাঁদের সঙ্গে রাজাভাউ ওয়াজেও ওই দলে যোগ দিতে পারেন বলে জল্পনা চলছে। তবে এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। কিন্তু জল্পনা উস্কে দিয়েছেন মহারাষ্ট্রের পরিবহণমন্ত্রী তথা শিবসেনা (একনাথ শিবির) নেতা প্রতাপ সারনায়েক। তিনি বলেছেন, ‘সাংসদরা যদি তাঁদের নেতার উপরে আস্থা হারিয়ে বাল ঠাকরের আদর্শে বিশ্বাস রেখে আসতে চান, তা হলে শিবসেনার দরজা খোলা রয়েছে।’ মহারাষ্ট্রের রাজনীতিতে কান পাতলে শোনা যাচ্ছে, এই দল ভাঙানোর অভিযানের নাকি নাম দেওয়া হয়েছে, ‘অপারেশন টাইগার’।

    এ সবের মধ্যে জল্পনা উড়িয়ে দিয়েছেন উদ্ধব শিবিরের রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত দাবি করেছেন, সব ঠিক আছে। ভাঙনের কোনও ব্যাপার নেই। একই সঙ্গে বিজেপিকে তোপ দাগতেও ছাড়েননি। সঞ্জয়ের অভিযোগ, ‘সাংসদদের কিনতে রাতেই ১৫ কোটি টাকা করে অগ্রিম দিতে চলেছে বিজেপির। খুব উদ্বেগজনক।’ দল ভাঙার জল্পনা উড়িয়ে দিয়েছেন অনিল দেশাইও। তাঁর দাবি, শিবসেনার প্রায় ছয় দশকের পুরনো সংগঠন। এই সব ছোটখাটো চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষমতা তাঁদের রয়েছে।

  • Link to this news (এই সময়)