• প্রকাশিত মাধ্যমিকের স্ক্রুটিনি-রিভিউয়ের ফলাফল!
    আজকাল | ১৭ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: প্রকাশিত মাধ্যমিকের স্ক্রুটিনি ও রিভিউ অর্থাৎ উত্তরপত্র যাচাই ও পুনর্মূল্যায়নের ফলাফল। পূর্ব নির্ধারিত দিনক্ষণ মেনেই ফল ঘোষণা করল রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ। এ বছর মাধ্যমিকের ফল ঘোষণার ৪০ দিনের মাথায় প্রকাশ করা হল স্ক্রুটিনি ও রিভিউয়ের (পিপিএস ও পিপিআর) ফলাফল। পর্ষদের তরফে জানানো হয়েছে, স্ক্রুটিনি ও রিভিউয়ের পর আরও ন'জন প্রথম দশের মেধাতালিকায় জায়গা করে নিয়েছে। পাশাপাশি, মোট চারজনের র‍্যাঙ্কও পরিবর্তিত হয়েছে।

    গত ৮ মে চলতি বছরের মাধ্যমিকের ফল ঘোষণা করা হয়। প্রথম দশের মেধাতালিকায় স্থান দখল করে নেয় মোট ১৩১ জন। আজ, ১৬ জুন, স্ক্রুটিনি ও রিভিউয়ের ফল ঘোষণার পর দেখা গেল সেই তালিকাতেই আরও ন'জনের নাম যুক্ত হয়েছে। ফলে সব মিলিয়ে মেধাতালিকার প্রথম দশে এখন মোট ১৪০ জন জায়গা দখল করে নিয়েছে।

    কী ভাবে দেখা যাবে স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলাফল?

    ১। পরীক্ষার্থীদের প্রথমে পর্ষদের ওয়েবসাইট wbbsedata.com-এ যেতে হবে।

    ২। সেখানে হোমপেজে লেখা 'WBBSE Madhyamik PPR/PPS Result 2026' লিঙ্কে ক্লিক করতে হবে।

    ৩। এর পর নিজেদের রোল নম্বর, জন্মতারিখ দিয়ে 'সাবমিট' অপশনে ক্লিক করতে হবে।

    ৪। কম্পিউটারে এ বার একটি নতুন পেজ খুলে যাবে আর সেখান থেকেই নিজেদের ফলাফল দেখতে পাবে পরীক্ষার্থীরা।

    ৫। ভবিষ্যতের প্রয়োজনে এই রেজাল্ট তারা ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারে।

    তবু এ বার থেকে পরিবর্তিত হতে চলেছে নিয়ম। পর্ষদের তরফে জানানো হয়েছে, সমস্ত স্কুলকেই এ বার থেকে পর্ষদের পোর্টালে গিয়ে নিজেদের 'স্কুল লগ-ইন' করে নিজেদের স্কুলের পরীক্ষার্থীদের স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলাফলের একটি সমন্বিত পিডিএফ ডাউনলোড করতে হবে। তবে এর জন্য সংশ্লিষ্ট স্কুলের প্রতিনিধিকে অথরাইজ়েশন লেটার এবং সংশ্লিষ্ট পরীক্ষার্থীর আসল মার্কশিট ও সার্টিফিকেট পর্ষদের কাছে জমা দিতে হবে। এ ক্ষেত্রে পিপিএস ও পিপিআর-এর ফলে যাদের নম্বর পরিবর্তিত হয়েছে, তাদের সমস্ত সংশোধিত নথিই স্কুলকে জমা দিতে হবে।

    পাশাপাশি, এ দিন তবে পর্ষদের তরফে প্রকাশিত আরও একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, এখনও বেশ কয়েকটি স্কুলের টাকা জমা দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ সফল হয়নি। পর্ষদের ওয়েবসাইটে এরকম ৮২টি স্কুলের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি কোন স্কুলের কত টাকা বাকি রয়েছে সেই তথ্যও প্রকাশ করা হয়েছে। তবে জানা গিয়েছে, সম্ভবত কোনও যান্ত্রিক ত্রুটির কারণেই টাকা জমা দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। তাই প্রতিটি স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে, যদি তারা অফলাইনে আবেদন করে থাকে, সে ক্ষেত্রে চালান জমা দিতে হবে। অনলাইনে আবেদনমূল্য জমা দিয়ে থাকলে তার পেমেন্ট-এর স্ক্রিনশট নির্ধারিত আঞ্চলিক অফিসে গিয়ে জমা দিতে হবে। রসিদ জমা দিলেই মিলবে পরীক্ষার্থীদের মার্কশিট ও সার্টিফিকেট।

     
  • Link to this news (আজকাল)