• ঝাঁটা হাতে বাগবাজার গঙ্গার ঘাট পরিষ্কার করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
    দৈনিক স্টেটসম্যান | ১৭ জুন ২০২৬
  • ক্ষমতায় আসার পর থেকেই পরিচ্ছন্নতা ও স্বচ্ছতার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বর্তমান রাজ্য সরকার। সেই উদ্যোগের অংশ হিসেবে বুধবার সকালে গঙ্গার ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে বিশেষ সাফাই অভিযানে অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    তিনি কলকাতার বাগবাজারের মায়ের ঘাট পরিদর্শন করেন। ।

    কয়েকদিন আগেই রাজ্য সরকারের তরফে স্বচ্ছতাকে স্বাগত নামে একটি বিশেষ কর্মসূচির ঘোষণা করা হয়েছিল। সেই কর্মসূচি অনুযায়ী পাঁচদিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার গঙ্গা পরিষ্কার অভিযানের আয়োজন করা হয়। কলকাতার বিভিন্ন ঘাটের পাশাপাশি মন্দির, নাখোদা মসজিদ এবং বাজার এলাকাতেও এই অভিযান চালানো হবে।

    কলকাতা পুরসভার পুর প্রশাসক স্মিতা পাণ্ডে জানিয়েছিলেন, আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় আসবেন। তাঁকে একটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল কলকাতা উপহার দেওয়ার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সেই উদ্দেশ্যেই এদিন সকালে মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা বাগবাজার ঘাটে উপস্থিত হন।

    সকালে ঘাট এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি ঝাঁড়ু হাতে নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। শুভেন্দু অধিকারী ও তাপস রায়কে একসঙ্গে মায়ের ঘাট পরিষ্কার করতে দেখা যায়। পরে মন্দিরে পুজো দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীকে আমরা একটি সুন্দর ও স্বচ্ছ উপহার দিতে চাই’।

    উল্লেখ্য, আগামী ২১ জুন বিশ্ব যোগ দিবস উপলক্ষে বড়সড় কর্মসূচির আয়োজন করা হয়েছে। কলকাতার রেড রোডের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)