• বিভিন্ন ওয়ার্ডে অব্যবহৃত ত্রাণ, কড়া বার্তা কলকাতা পুর প্রশাসকের
    দৈনিক স্টেটসম্যান | ১৭ জুন ২০২৬
  • ইউটিলাইজেশন সার্টিফিকেট (ইউসি) জমা দেওয়ার পরেও বিভিন্ন ওয়ার্ডে সরকারি ত্রাণ সামগ্রী অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার ঘটনায় কড়া অবস্থান নিল কলকাতা পুরসভা। বিভিন্ন এলাকায় ত্রিপল-সহ ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় মঙ্গলবার বিস্ফোরক মন্তব্য করেন কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পান্ডে। তিনি জানান, বিষয়টি অত্যন্ত গুরুতর এবং প্রয়োজনীয় তদন্ত করবে পুলিশ।

    দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন স্মিতা পাণ্ডে। সেখানেই তিনি বলেন, ‘ইউসি দেওয়ার পরেও যদি সরকারি সম্পত্তি বা ত্রাণ সামগ্রী খরচ না হয়ে মজুত অবস্থায় থাকে, তবে তার যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানান তিনি।’

    এদিন কলকাতা পুরসভার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়েও কথা বলেন প্রশাসক। তিনি জানান, শহরের ঐতিহ্যবাহী হেরিটেজ সাইটগুলির সংরক্ষণ ও উন্নয়নের জন্য পুরসভা একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি গঙ্গার ভাঙন রোধ এবং বিভিন্ন ঘাটের সংস্কারের কাজও হাতে নেওয়া হয়েছে।

    স্মিতা পান্ডে জানান, প্রথম পর্যায়ে শহরের ২০টি ঘাট পরিষ্কার ও আংশিক সংস্কারের কাজ দ্রুত শুরু হবে। এর মাধ্যমে সাধারণ মানুষের জন্য ঘাটগুলিকে আরও নিরাপদ ও ব্যবহারযোগ্য করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কলকাতা পুরসভার নির্বাচন এবং ডিলিমিটেশন সংক্রান্ত প্রশ্নের উত্তরে কোনও মন্তব্য করতে চাননি প্রশাসক।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)