• ফুলবাজার চালু হোক, আর্জি মুখ্যমন্ত্রীকে
    দৈনিক স্টেটসম্যান | ১৭ জুন ২০২৬
  • রাজ্যে পালাবদলের পরে কোলাঘাটের পানশিলা ফুলবাজার চালুর দাবি উঠেছে ফুলচাষি ও ফুল ব্যবসায়ীদের তরফ থেকে। পানশিলা ফুলবাজার চালু করতে পদক্ষেপ করুন মুখ্যমন্ত্রী-এই দাবি জানিয়ে পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে মঙ্গলবার স্মারকলিপি দেয় পূর্ব মেদিনীপুর জেলা ফুলচাষি ও ফুল ব্যবসায়ী সমিতি। কোলাঘাটের দেউলিয়ায় প্রতিদিন ভোর থেকে বসে রাজ্যের তৃতীয় বৃহত্তম ফুলবাজার।

    দুই মেদিনীপুর ও হাওড়ার প্রায় বেশিরভাগ ফুলচাষি ফুল নিয়ে আসেন এখানে। ফুলবাজারটি ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর বসে। জাতীয় সড়কের ওপর বাজার বসায় প্রায়শই দুর্ঘটনা হত। পথ দুর্ঘটনা ঠেকাতে ২০১৯ সালের জানুয়ারি মাসে দেউলিয়া ফুলবাজারটি দেউলিয়া বাজার থেকে কিছুটা দূরে পানশিলা এলাকায় সরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে প্রশাসনিক সিদ্ধান্ত হয়।

    ২০২১ সালে পানশিলায় ১৬ নম্বর জাতীয় সড়কের তিন একর নয়ানজুলি ভরাট করে প্রায় চার কোটি টাকা খরচ করে গড়ে তোলা হয় ফুলবাজার। বাজার গড়ে উঠলেও প্রশাসনের লিখিত অনুমোদন মেলেনি, ফলে চালুই হয়নি এই ফুলবাজার। এ প্রসঙ্গে মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার বলেন, ‘ফুলচাষিদের দাবিগুলি খতিয়ে দেখা হচ্ছে।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)