ইনস্টাগ্রামে প্রেম থেকে লিভ-ইন সম্পর্ক, তরুণীকে শ্বাসরোধ করে খুন বেঙ্গালুরুতে
প্রতিদিন | ১৭ জুন ২০২৬
ইনস্টাগ্রামে আলাপ। সেখান থেকে প্রেম ও লিভ-ইন সম্পর্ক। তবে ৬ মাস যেতে না যেতেই মর্মান্তিক পরিণতি হল তরুণীর। সামান্য বচসার জেরে লিভ-ইন পার্টনারকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। শনিবার মর্মান্তিক এই ঘটনাম ঘটেছে বেঙ্গালুরুর মাল্লেশ্বেরম এলাকায়। ঘটনায় মূল অভিযুক্ত শরৎ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শরৎ নামে এই যুবকের সঙ্গে ইনস্টাগ্রামে আলাপ হয়েছিল বছর কুড়ির অনুষার। দু’জনেই কর্নাটকের হাসন জেলার সাকলেশপুরের বাসিন্দা। সেখান থেকে প্রেম ও লিভ-ইন সম্পর্কে থাকতে শুরু করেন দু’জন। গত ৬ মাস ধরে মাল্লেশ্বেরম এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন তাঁরা। প্রাথমিক তদন্তে অনুমান, শনিবার রাতে কোনও বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় দু’জনের। এর পর হাতাহাতির রূপ নেয়। রাগের বশে অনুষার গলা টিপে ধরেন শরৎ। যার জেরে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় তরুণীর। এরপর ভয় পেয়ে অনুষার দেহ সেখানে ফেলে রেখে চম্পট দেয় শরৎ।
শনিবার খুনের ঘটনা ঘটলেও বিষয়টি প্রকাশ্যে আসে সোমবার। শরৎ নিজেই এক আইনজীবীকে গোটা ঘটনার কথা জানান। সেই আইনজীবীই পুলিশকে ফোন করে বিষয়টি জানায়। এরপর পুলিশ গিয়ে ওই ভাড়াবাড়ি থেকে অনুষার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এদিকে তল্লাশির পর মঙ্গলবার গ্রেপ্তার করা হয় শরৎকে। অভিযুক্তকে জেরা করে খুনের নেপথ্য কারণ জানার চেষ্টা করছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।