ফলতায় হামলার ঘটনায় কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বুধবার ফলতার সভা থেকে শুভেন্দুর বার্তা, ভিডিয়োতে যাঁদের দেখা গিয়েছে, একজনও যেন ছাড় না পান। মঞ্চ থেকেই পুলিশ সুপারকে শুভেন্দু নির্দেশ দেন, ‘ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনও দিন কেউ পুলিশ, সরকারি কর্মচারী, প্যারা মিলিটারিকে আক্রমণ করার সাহস না রাখে। শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা নিলামে চড়ানোর কাজও আপনাদের ডাবল ইঞ্জিন সরকার করবে। আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।’
ফলতায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, কেউ যেন আইন হাতে তুলে না নেন, ‘এই সরকার কাউকে ছাড়বে না।’ মঙ্গলবার জাহাঙ্গির খানের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন ফলতার বেশ কিছু বাসিন্দা। যার নেতৃত্বে ছিলেন জাহাঙ্গিরের স্ত্রী। এই ঘটনা যখন ঘটছে, মুখ্যমন্ত্রী তখন পাহাড়ে। কার্শিয়াংয়ে জনসভা ছিল তাঁর।
শুভেন্দু বলেন, ‘আমি মঙ্গলবার কার্শিয়াংয়ে ছিলাম। টিভিতে দেখছিলাম, এখানে (ফলতা) কিছু লোক একজন মাফিয়ার স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারা মিলিটারি ফোর্সকে আক্রমণ করতে গিয়েছিল। ফলতাতেও আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। যত বড় মাফিয়া হোক বিজেপি সরকার সবক শিখিয়ে ছাড়বে।’