মালদহে নয়া আকর্ষণ গাছপাড়া আম, পাশাপাশি থাকা-খাওয়ার এলাহী ব্যবস্থা! মিস করবেন না
News18 বাংলা | ১৭ জুন ২০২৬
: মালদহের আমকে বিশ্বদরবারে আরও জনপ্রিয় করে তুলতে এবং পর্যটন শিল্পকে নতুন মাত্রা দিতে বড় উদ্যোগ নিল জেলা প্রশাসন। গৌড় ও আদিনার ঐতিহাসিক পর্যটন কেন্দ্রের পাশাপাশি এবার মালদহের বিখ্যাত আমকে কেন্দ্র করে গড়ে উঠতে চলেছে একটি বিশেষ পর্যটন কেন্দ্র। এদিন কৃষি বিজ্ঞান কেন্দ্রে ‘আমার মালদা’ ব্র্যান্ডের মাধ্যমে জেলার আমের গুণগত মান বজায় রাখা এবং রফতানি বৃদ্ধির লক্ষ্যে আমচাষিদের হাতে বিশেষ বুকলেট তুলে দেওয়া হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রস্তাবিত পর্যটন কেন্দ্রের জন্য জায়গা পরিদর্শন করেন জেলাশাসক রাজনবীর সিং কাপুর। উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান বিজ্ঞানী দূষ্যান্ত কুমার রাঘব, বিজ্ঞানী দীপক নায়েক, মালদহ ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা-সহ অন্যান্য আধিকারিক, বিজ্ঞানী ও আমচাষিরা।
জেলাশাসক রাজনবীর সিং কাপুর জানান, “মালদহের বিশ্বখ্যাত ফজলি, হিমসাগর, ল্যাংড়া, বৃন্দাবনী, গোপালভোগ ও আম্রপালি-সহ বিভিন্ন প্রজাতির আমকে কেন্দ্র করেই এই পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। এখানে পর্যটকরা আমবাগানের মনোরম পরিবেশ উপভোগ করার পাশাপাশি সরাসরি গাছ থেকে আম পেড়ে খাওয়ার সুযোগ পাবেন। এছাড়াও আম দিয়ে তৈরি বিভিন্ন খাদ্যপণ্য, ক্যাফে, বিক্রয়কেন্দ্র, উদ্যান ও সৌন্দর্যায়নের ব্যবস্থা থাকবে। পর্যটকদের থাকার ও খাওয়ার জন্যও প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।”
অন্যদিকে মালদহ ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা বলেন, “দীর্ঘদিন ধরেই আমকে কেন্দ্র করে একটি পর্যটন কেন্দ্র তৈরির দাবি জানানো হচ্ছিল। জেলা প্রশাসনের উদ্যোগে সেই স্বপ্ন এবার বাস্তবের পথে।”
মালদহ শহরের মাধবনগর এলাকায় কলকাতা-শিলিগুড়িগামী ১২ নম্বর জাতীয় সড়কের বাইপাস সংলগ্ন কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রাঙ্গণে এই প্রকল্প বাস্তবায়িত হবে। এই প্রকল্প চালু হলে একদিকে যেমন পর্যটক আকর্ষণ বাড়বে, তেমনই জেলার আমচাষি ও ব্যবসায়ীরাও আর্থিকভাবে লাভবান হবেন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।