• ভিক্ষার অছিলায় এসে সর্বস্ব লুট! কেতুগ্রামে যা ঘটল, জানলে আপনিও অবাক হবেন
    News18 বাংলা | ১৭ জুন ২০২৬
  • : পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের নিরোল গ্রামের বৈরাগ্যপাড়ায় দিনের আলোয় দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, ভিক্ষার অজুহাত কিংবা বিভিন্ন বাহানায় গ্রামে ঘোরাফেরা করা কয়েকজন যাযাবর মহিলা এই চুরির ঘটনার সঙ্গে জড়িত।

    স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সদস্যরা সকালে একটি নিমন্ত্রণ বাড়িতে যাওয়ায় বাড়িটি ফাঁকা ছিল। সেই সুযোগে দুষ্কৃতীরা বাড়ির প্রধান দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর ঘরের আলমারি ও লকার ভেঙে সেখানে রাখা সোনার গহনা এবং নগদ অর্থ নিয়ে চম্পট দেয়।

    বাড়ির মালিক গায়ত্রী সিংহ জানান, প্রতিবেশীদের কাছ থেকে ফোন পেয়ে প্রথমে তাঁরা জানতে পারেন বাড়ির তালা খোলা অবস্থায় রয়েছে। পরে বাড়িতে ফিরে এসে দেখেন ঘরের সবকিছু তছনছ হয়ে রয়েছে। আলমারির লকার ভাঙা এবং মূল্যবান সামগ্রী উধাও। চুরির ঘটনায় তাঁর কানের দুল, আংটি, দুটি পলা বাঁধানো গহনা, চার গাছা চুড়ি, নগদ ১৮ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন কেনার জন্য আলাদা করে রাখা আরও সাত হাজার টাকা খোয়া গেছে বলে দাবি করেছেন তিনি। সব মিলিয়ে কয়েক হাজার টাকারও বেশি সম্পত্তি চুরি হয়েছে বলে পরিবারের দাবি।

    ঘটনার পর এলাকাবাসীরা সন্দেহভাজন দুই যাযাবর মহিলাকে আটক করেন। তবে গ্রামবাসীদের একাংশের অনুমান, চুরির ঘটনায় আরও কয়েকজন জড়িত ছিল। দুই মহিলা ধরা পড়লেও বাকি সহযোগীরা চুরি করা গহনা ও নগদ অর্থ নিয়ে অন্য রাস্তা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। খবর পেয়ে কেতুগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুই মহিলাকে থানায় নিয়ে যায়। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের লক্ষ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে দিনদুপুরে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে নিরোল গ্রামে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেইদিকে নজর দেওয়ার জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
  • Link to this news (News18 বাংলা)