সরকারি স্কুলেও অতিরিক্ত ফি-র জুলুম! প্রতিবাদে বিডিও অফিস ঘেরাও, বিক্ষোভে শামিল ফুলিয়ার ২০০ ছাত্র
News18 বাংলা | ১৭ জুন ২০২৬
: সরকারি বিদ্যালয়ে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল নদিয়ার ফুলিয়ার বালিকা বিদ্যালয়। মঙ্গলবার শতাধিক ছাত্রী শান্তিপুর-ফুলিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) দফতরের সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হয়। অভিযোগ, বিদ্যালয় কর্তৃপক্ষ একাধিকবার বিভিন্ন খাতে অর্থ নেওয়ার পরও আবার অতিরিক্ত ফি দাবি করছে, যা নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমে ছিল ছাত্রছাত্রীদের মধ্যে।
বিক্ষোভে অংশ নেওয়া প্রায় ২০০ জন একাদশ শ্রেণির ছাত্রীর দাবি, তারা অধিকাংশই মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান। সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করার অন্যতম কারণই ছিল সরকারের বিভিন্ন শিক্ষামূলক সুবিধা ও আর্থিক সহায়তা। কিন্তু সেই বিদ্যালয়েই যদি অতিরিক্ত ফি দিতে বাধ্য করা হয়, তাহলে সাধারণ পরিবারের পক্ষে পড়াশোনার খরচ বহন করা কঠিন হয়ে পড়বে।
ছাত্রীদের অভিযোগ, বিষয়টি নিয়ে তারা একাধিকবার বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেও কোনও সদুত্তর মেলেনি। বরং অতিরিক্ত ফি আদায়ের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ফলে বাধ্য হয়েই তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছে। বিডিও অফিসের সামনে বসে দফায় দফায় স্লোগান ও অবস্থান-বিক্ষোভের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরে ছাত্রীরা।
বিক্ষোভকারী ছাত্রীরা প্রশ্ন তোলে, সরকারি বিদ্যালয়ে যখন বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলা হয়, তখন কেন অতিরিক্ত অর্থ নেওয়া হবে? তাদের মতে, এই ধরনের সিদ্ধান্ত শিক্ষার পরিবেশকে ব্যাহত করছে এবং বহু ছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলছে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসনের পক্ষ থেকে হস্তক্ষেপ করা হয়। পরে বিডিও দফতরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে প্রশাসনিক আধিকারিক, বিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে ছাত্রীরা নিজেদের অভিযোগ তুলে ধরে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।
এদিকে, প্রশাসনের উদ্যোগে সমস্যার সমাধান হলেও ভবিষ্যতে এমন পরিস্থিতি যাতে আর তৈরি না হয়, সেই দাবি তুলেছে আন্দোলনরত ছাত্রীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।