• মমতার পরে অখিলেশের দলেও ভাঙন? ‘বিদ্রোহী’দের তালিকা শাহের হাতে, দাবি উত্তরপ্রদেশের মন্ত্রীর
    এই সময় | ১৭ জুন ২০২৬
  • পশ্চিমবঙ্গে পালাবদলের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ভাঙন নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। সেই আবহে উদ্ধব ঠাকরের শিবসেনাতেও ভাঙনের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এর পরে কি উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি (সপা)? সেই জল্পনাই উস্কে দিলেন উত্তরপ্রদেশের এক মন্ত্রী। দাবি করলেন, সপা-র সম্ভাব্য বিদ্রোহী নেতাদের তালিকা ইতিমধ্যেই অমিত শাহের কাছে জমা পড়েছে। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সেই তালিকা দিয়েছেন সপারই এক সাংসদ। মন্ত্রীর আরও দাবি, সব কিছু পরিকল্পনামাফিক এগোলে কিছু দিনের মধ্যেই ভেঙে খান খান হয়ে যাবে অখিলেশের দল!

    উত্তরপ্রদেশের পঞ্চায়েতি রাজ এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী ওম প্রকাশ রাজভরের এই দাবি প্রকাশ্যে আসার পরেই প্রত্যাশিত ভাবেই শোরগোল পড়ে গিয়েছে সে রাজ্যের রাজনীতিতে। দল ভাঙানোর খেলায় সপা-র যে রাজ্যসভা সাংসদ জড়িত বলে দাবি করেছেন রাজভর, সেই রাম গোপাল যাদব অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। গোটা বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়ে তাঁর দাবি, ‘ওম প্রকাশ রাজভরকে কেউ গুরুত্বই দেয় না। উনি কী বলছেন, উনি নিজেও জানেন না।’

    রাজভর উত্তরপ্রদেশের দল সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির নেতা। তাঁরা বিজেপির নেতৃত্বাধীন শাসকজোটের শরিক। গত বিধানসভা ভোটে সপা-র সঙ্গে রাজভরদের জোট ছিল। কিন্তু নির্বাচনের পরেই সেই জোট ভেঙে এনডিএ-তে যোগ দেয় এই আঞ্চলিক দলটি। রাজভর মন্ত্রীও হন। তিনি দাবি করেছেন, ‘সমাজবাদী পার্টিতে কারা কারা বিদ্রোহ ঘোষণা করতে পারে, তার একটি তালিকা তৈরি করেছেন রাম গোপাল। সেই তালিকা উনি অমিত শাহের হাতে তুলে দিয়েছেন। চিঠিতে এ-ও বলেছেন, ওই নেতাদের যেন কোনও ক্ষতি না হয়। তাঁরা প্রত্যেকেই আপনার (শাহ) হাত ধরার জন্য তৈরি।’ যদিও এই দাবির স্বপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেননি রাজভর। ক্যামেরার সামনে হাসতে হাসতে শুধু বলেন, ‘ধৈর্য ধরুন। আমি এখন সকলের নাম বলে দিলে সবটাই ভেস্তে যাবে। কিছু দিন অপেক্ষা করুন না।’

    এখানেই থামেননি রাজভর। পরে এক্স হ্যান্ডলেও একটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘সমাজবাদী পার্টিতে বড়সড় ভাঙন ধরতে চলেছে। অমিত শাহকে চিঠি দিয়েছেন রাম গোপাল যাদব। উত্তরপ্রদেশে সকলেই জানেন, খনি কেলেঙ্কারি এবং গোমতী রিভার ফ্রন্ট কেলেঙ্কারির আসল মাস্টারমাইন্ড কে! সমাজবাদী পার্টি দিনে দিনে উদ্বিগ্ন হয়ে পড়ছে। মহারাষ্ট্র আর বাংলার কথা বাদই দিন—পুরো সমাজবাদী পার্টিই এখন বিজেপিতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত।’

    যদিও শাহকে এই ধরনের কোনও চিঠি তিনি দেননি বলে পাল্টা দাবি করেছেন রাম গোপাল। তিনি বলেন, ‘অমিত শাহকে গিয়ে জিজ্ঞেস করুন, আমি ওঁকে কোনও চিঠি বা তালিকা দিয়েছি কি না। সমাজবাদী পার্টি একদম ঠিক আছে। কোথাও কোনও সমস্যা নেই। হবেও না। পুরোটাই গুজব।’ উত্তরপ্রদেশের আর এক মন্ত্রী দীনেশ প্রতাপ সিং বলেন, ‘এ ব্যাপারে আমার কিছু জানা নেই। মানুষ এমনিই বিজেপির প্রতি আকৃষ্ট হন।’

  • Link to this news (এই সময়)