• লক্ষ লক্ষ টাকার বিনিময়ে 'ভুয়ো' চাকরি! শোরগোল সবং-এ
    আজকাল | ১৭ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ। প্রতারণা। গুরুতর অভিযোগ পশ্চিম মেদিনীপুরের সবং-এ। ঘটনা ঘিরে চাঞ্চল্য ব্যাপক চাঞ্চল্য এলাকায়। তৎকালীন মন্ত্রী তথা মানস রঞ্জন ভুঁইয়া এবং তাঁর ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতার বিরুদ্ধে পাঁচ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ তুলে সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকার এক বাসিন্দা।

    ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। অভিযোগকারী বিকাশ কুমার টুং, সবং বিধানসভার ১৬ নম্বর বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তাঁর দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তাঁর স্ত্রী মঞ্জু সাহু টুংকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। অভিযোগ, তৎকালীন মন্ত্রী ডা. মানস রঞ্জন ভুঁইয়ার মধ্যস্থতায় এবং তৃণমূল নেতা শেখ আবু কালাম বক্স ও ভোলানাথদের মাধ্যমে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে চাকরির ব্যবস্থা করা হয়।

    অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত ১ মার্চ ২০২৬ তারিখে ‘সিআইএসবি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড'-এর অধীনে স্টুয়ার্ড পদে তেমাথানী ইরিগেশন বাংলোয় কাজে যোগ দেন মঞ্জু সাহু টুং। তাঁর ওয়ার্কম্যান রেজিস্টার নম্বর ছিল সিআইএসবি/ডব্লুবি-৪৬। 

    পরিবারের দাবি, চাকরিতে যোগদানের পর নিয়মিত কাজ করলেও মাত্র দু'মাসের মাথায় গত ৬ মে তাঁকে জানানো হয় যে তাঁর চাকরি বাতিল করা হয়েছে। এমনকী চাকরি বাতিলের নির্দেশের কপিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয় বলে অভিযোগ। 

    জানা গিয়েছে, মার্চ মাসের বেতন হিসেবে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার ৭৪৭ টাকা জমা পড়ে। এদিকে হঠাৎ চাকরি বাতিল হয়ে যাওয়ার পর থেকেই পরিবার চরম বিপাকে পড়ে। 

    অভিযোগকারী বিকাশ কুমার টুং দাবি করেছেন, এই ঘটনার পর থেকে তাঁর স্ত্রী মানসিক অবসাদে ভুগছেন। পাশাপাশি তিনি আশঙ্কা করছেন যে পরিস্থিতি আরও ভয়াবহ পরিণতির দিকে যেতে পারে। পুরো ঘটনায় সবং থানার পুলিশ লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ। 

    অন্যদিকে, এ প্রসঙ্গে মানস ভুঁইয়া বলেন, "এটা একটা ভয়ঙ্কর চক্রান্ত, ভয়ঙ্কর প্রতিশোধস্পৃহা। কেউ না কেউ তলায় তলায় অপারেট করছে। সবংয়ের মানুষ এর জবাব দেবে, আর আইন আইনের পথেই চলবে।" তিনি আরও দাবি করেন, তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনও কোনও দুর্নীতির অভিযোগ ওঠেনি। তাঁর কথায়, "৫৬ বছরের রাজনৈতিক জীবনে, সিপিএমের ৩৪ বছর থেকে তৃণমূলের এত বছরের শাসন কোনও সময়েই আমার বিরুদ্ধে কেউ আঙুল তুলতে পারেনি। আমরা মানুষের জন্য কাজ করেছি, মানুষের উপকার করেছি।" 

    অভিযোগকারীদের উদ্দেশে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, "যে মানস ভুঁইয়ার বিরুদ্ধে আজ অভিযোগ করা হচ্ছে, তিনি কোনওদিন কারও কাছ থেকে সুপারি, মিষ্টি বা উপঢৌকন নেননি। আমি টাকা নিয়ে কাজ করার লোক নই।" বর্তমান বিধায়ক অমল পণ্ডা-র প্রসঙ্গ টেনে মানস ভুঁইয়া বলেন, "অমল পণ্ডাকে জিজ্ঞেস করুন, তিনি এতদিন আমার সঙ্গে কাজ করেছেন। তিনি জানেন, মানস ভুঁইয়া টাকা নিয়ে কাজ করার মানুষ নন।" 

    সবশেষে তাঁর দাবি, এই অভিযোগের পিছনে সুপরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং এর উপযুক্ত জবাব দেবে সবংয়ের মানুষ। তাঁর স্পষ্ট কথা, "আইন আইনের পথেই চলবে, সত্য একদিন সামনে আসবেই।"
  • Link to this news (আজকাল)