• জনকল্যাণ শিবির নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর!
    আজকাল | ১৭ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বুধবার ফলতায় জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে ভিড় উপচে পড়ে সাধারণ মানুষের। পূর্ব ঘোষণা অনুযায়ী, বুধবারই ছিল জনকল্যাণ শিবিরের শেষ দিন। তবে এ দিন জনগণের কথা ভেবে আরও একদিন এই শিবিরের মেয়াদ বাড়ানো হল। ফলতার সভা থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জানানো হয়েছে, বৃহস্পতিবারও রাজ্য জুড়ে এই শিবির চলবে।

    এ দিন শুভেন্দু অধিকারী সভামঞ্চ থেকে বলেন, "এই শিবির থেকে কেন্দ্র এবং রাজ্যের সমস্ত রকম প্রকল্পের সুবিধা মিলবে।" মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই বিজ্ঞপ্তি জারির তৎপরতা শুরু হল নবান্ন থেকে। তাঁর কথায়, "সমস্ত প্রকল্পের সুবিধা যাতে রাজ্যবাসী পায় তা সুনিশ্চিত করবে সরকার। কোনও রকম দুর্নীতি ছাড়াই যাতে জনগণ সমস্ত সুযোগসুবিধা পায়, তাও নিশ্চিত করবে রাজ্য সরকার।" শুভেন্দু জানান, শিবিরগুলিতে মানুষের অত্যাধিক লাইন পড়ছে, তাই শিবিরের মেয়াদ আরও এক দিন মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল।

    একইসঙ্গে এ দিন শুভেন্দু জানান, হাতে সময় কম থাকায় প্রতিটি অঞ্চলে জনকল্যাণ শিবির করা সম্ভব হয়নি। তাই ওই অঞ্চলগুলির বিভিন্ন শিবিরে মানুষের ভিড় বাড়ছে। তাঁর দাবি, রাজ্যবাসী নতুন সরকারের উপর আস্থাশীল। সরকারি প্রকল্পের উপর তাঁরা ভরসা রাখছেন। এই সরকার সমস্ত জনকল্যাণমূলক কর্মসূচি স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত করে কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা দেবে জনগণকে, দাবি শুভেন্দুর।

    উল্লেখ্য, সাধারণ মানুষের দুয়ারে সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে সোমবার থেকেই রাজ্যে শুরু হয়েছে 'জনকল্যাণ শিবির'। রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই বিশেষ শিবিরগুলি আগামী ১৫ই জুন থেকে ১৭ই জুন পর্যন্ত চলার কথা ছিল। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাধারণ মানুষ এখানে এসে নিজেদের প্রয়োজনীয় সরকারি কাজের আবেদন ও সুবিধা পাবেন বলে ঘোষণা করা হয়েছিল।

    শিবিরগুলির বড় বৈশিষ্ট্য, এখানে একসঙ্গে মোট ৫৪টি সরকারি প্রকল্পের পরিষেবা পাওয়া যাবে। শুধু তাই নয়, শিবিরে আগত নাগরিকদের জন্য থাকছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুযোগও। আপনার এলাকায় ঠিক কোথায় এই শিবির বসছে, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে স্থানীয় পুরসভা অথবা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। সরকারি সুযোগ-সুবিধা সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করতেই এই বিশেষ উদ্যোগ।
  • Link to this news (আজকাল)