• শিক্ষাক্ষেত্রে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
    আজকাল | ১৭ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রকে রাজ্যের অন্যতম ‘আদর্শ বিধানসভা কেন্দ্র’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ফলতার ফতেপুর ফুটবল মাঠে আয়োজিত জনকল্যাণ শিবির ও জনসভা থেকে তিনি স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা এবং প্রশাসনিক পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে একগুচ্ছ প্রকল্পের সূচনা ও অনুমোদনের কথা ঘোষণা করেন। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি ফলতা থানায় হামলার ঘটনাতেও কঠোর অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী।

    এদিনের সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক, ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডা এবং জেলার একাধিক বিজেপি বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকরা। বিপুল সংখ্যক সাধারণ মানুষও সভায় অংশগ্রহণ করেন। সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ফলতা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে উন্নীত করে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পরিণত করা হবে। দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দাদের উন্নত স্বাস্থ্য পরিষেবার দাবি ছিল। সেই দাবি মেনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি। এর ফলে স্থানীয় মানুষকে চিকিৎসার জন্য দূরবর্তী এলাকায় ছুটতে হবে না বলেই আশা প্রশাসনের।

    শিক্ষাক্ষেত্রেও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ফলতায় একটি মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে এবং জেলার মেয়েদের শিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে দাবি তাঁর। পাশাপাশি ফলতায় দমকল বিভাগের একটি পূর্ণাঙ্গ দপ্তর গড়ে তোলারও অনুমোদন দেওয়া হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত পরিষেবা দেওয়া সম্ভব হয়।

    আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও একাধিক নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ফলতা থানায় মহিলা পুলিশ কর্মীদের জন্য বিশেষ ক্যাম্প এবং মহিলা হেল্প ডেস্ক চালুর নির্দেশ দেওয়া হয়েছে। নারীদের নিরাপত্তা ও অভিযোগ জানানোর ব্যবস্থা আরও সহজ করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান। জনকল্যাণ শিবির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “এই সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করবে। দুর্নীতি ছাড়াই কাজ করবে। তিন দিনের জন্য জনকল্যাণ শিবির করা হয়েছে। এখানে ৫৪টি প্রকল্পকে এক ছাতার তলায় আনা হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ এক জায়গা থেকেই পাবেন। সরকারি পরিষেবা এখন মানুষের আরও কাছাকাছি পৌঁছে গিয়েছে।”

    তিনি আরও জানান, জনকল্যাণ শিবিরের মাধ্যমে প্রশাসন সরাসরি মানুষের সমস্যার সমাধান করছে এবং ভবিষ্যতেও এই উদ্যোগ আরও বিস্তৃত করা হবে। প্রয়োজন হলে সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রকল্পের সুবিধা পৌঁছে দেবেন বলেও আশ্বাস দেন তিনি।এদিন বক্তব্য রাখতে গিয়ে অন্নপূর্ণা যোজনা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, অতীতে এই প্রকল্পগুলিকে কেন্দ্র করে ব্যাপক দুর্নীতি হয়েছে। তিনি বলেন, “অন্নপূর্ণা যোজনার জন্য নতুন করে ফর্ম ছাপিয়ে প্রকৃত উপভোক্তাদের হাতে সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও বড়সড় অনিয়মের অভিযোগ সামনে এসেছে। এবার প্রকৃত সুবিধাভোগীদেরই সরকারি সহায়তা দেওয়া হবে।”

    তিনি আরও জানান, ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষের অ্যাকাউন্টে সরকারি সহায়তার টাকা পৌঁছে গিয়েছে। যাঁদের আবেদন পোর্টালে অনুমোদিত হয়েছে, তাঁরা আগামী মাস থেকে নিয়মিত সুবিধা পাবেন। প্রশাসনকে দ্রুত সমস্ত আবেদন নিষ্পত্তির নির্দেশও দেন তিনি। আসন্ন রাজ্য বাজেট নিয়েও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “২২ তারিখের বাজেট অধিবেশনে আরও নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। কৃষকদের জন্য বিশেষ প্রকল্প আনা হবে। যারা আমাদের উপর ভরসা করে সরকার গঠনের সুযোগ দিয়েছেন, তাঁদের স্বার্থ রক্ষাই আমাদের প্রথম দায়িত্ব। বাজেটে উন্নয়ন ও জনকল্যাণকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।”

    তবে এদিনের সভায় সবচেয়ে কড়া বার্তা আসে আইনশৃঙ্খলা প্রসঙ্গে। মঙ্গলবার জাহাঙ্গির খানের মুক্তির দাবিতে ফলতায় যে বিক্ষোভ এবং উত্তেজনার ঘটনা ঘটেছিল, তার উল্লেখ করে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, “আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না। এই সরকার কাউকে ছাড়বে না। ফলতাতেও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এখানে গুন্ডামি, তোলাবাজি, জমি লুট বা ভোট লুট কোনওভাবেই বরদাস্ত করা হবে না।” তিনি আরও বলেন, “যত বড় মাফিয়াই হোক না কেন, আইন তার নিজস্ব পথে চলবে। বিজেপি সরকার অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।”

    ঘটনার তদন্তে পুলিশ প্রশাসনকে বিশেষ নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ফলতা থানায় হামলা ও অশান্তির ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রত্যেক অভিযুক্তের বিরুদ্ধে কড়া আইনে মামলা রুজু করতে হবে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার করার নির্দেশও দেন তিনি। সব মিলিয়ে, ফলতার জনকল্যাণ শিবির ও জনসভা থেকে উন্নয়ন, প্রশাসনিক সংস্কার, জনকল্যাণ এবং আইনশৃঙ্খলা—সব ক্ষেত্রেই একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলের মতে, ফলতাকে ‘আদর্শ বিধানসভা’ হিসেবে গড়ে তোলার রূপরেখা এদিনের সভা থেকেই স্পষ্ট করে দিল রাজ্য সরকার।
  • Link to this news (আজকাল)