প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ গ্রেফতার, কোচবিহারে TMC-র দাপুটে নেতা পুলিশের জালে
আজ তক | ১৭ জুন ২০২৬
রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহ গ্রেফতার। তাঁকে গ্রেফতার করা হয়েছে ফুলবাগানে তাঁর বাড়ি থেকেই। কোচবিহার জেলা পুলিশ এবার উদয়ন গুহকে দিনহাটায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া চালাচ্ছে।
এই নিয়ে ৪ প্রাক্তন মন্ত্রী গ্রেফতার
তৃণমূল কংগ্রেসের শুধু দাপুটে নন, বিতর্কিত নেতাও উদয়ন। বর্ষীয়ান ফরোয়ার্ড ব্লক নেতা কমল গুহর ছেলে তিনি। এই নিয়ে বিগত সরকারের ৪ মন্ত্রী গ্রেফতার। কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছেন সুজিত বসু। রাজ্য পুলিশের হাতে গ্রেফতার দীলিপ মণ্ডল, উজ্বল বিশ্বাস এবং উদয়ন গুহ। প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা, ভয় দেখানো, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে।
উদয়নের বিরুদ্ধে ৬টি অভিযোগ
তৃণমূল কংগ্রেস সরকারের আমলে উদয়ন গুহ থাকতেন খবরের শিরোনামে। কখনও বিরোধীদের হুমকি, কখনও হামলার অভিযোগ, শাসানি সহ একাধিক ঘটনায় উদয়নের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। পুলিশ সূত্রে খবর, উদয়নের বিরুদ্ধে ৬টি অভিযোগ রয়েছে। আজ তাঁকে গ্রেফতার করা হয়েছে একটি তোলাবাজির মামলায়।
তোলাবাজির অভিযোগে গ্রেফতার
গত ১২ জুন শুক্রবার অভিযোগ দায়ের হয় উদয়নের বিরুদ্ধে। দিনহাটা মহকুমা হাসপাতালের শিশু বিভাগ তৈরি করা হয়েছিল। সেই সময় একটি স্বেচ্ছাসেবী সংস্থার নাম করে প্রচুর টাকা তোলাবাজি করার অভিযোগ ওঠে। সেখান থেকেই অভিযোগ দায়ের হয়। পুলিশের গাড়িতে ওঠার আগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী বললেন, 'আমি জানিই না কেন গ্রেফতার করেছে।'
২০২১ সালের বিধানসভা এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর কোচবিহারে ভোট-পরবর্তী হিংসায় যুক্ত থাকার অভিযোগ ওঠে উদয়নের বিরুদ্ধে। ভোট-পরবর্তী হিংসা ছাড়াও তাঁর বিরুদ্ধে কয়েকটি দুর্নীতি সংক্রান্ত মামলাও রয়েছে।