বাঁকুড়া পুরসভা হাতছাড়া তৃণমূলের, দল ছাড়লেন প্রাক্তন বিধায়ক খড়গপুরে
দৈনিক স্টেটসম্যান | ১৭ জুন ২০২৬
রাজ্যে পালাবদলের পর থেকে একের পর এক পুরসভা হাতছাড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের। এমনকী পঞ্চায়েত, জেলা পরিষদ হাতছাড়া হওয়ার পাশাপাশি দলও ছাড়ছেন প্রাক্তন বিধায়ক, সাংসদরা। এবার বাঁকুড়া জেলার সোনামুখী পুরসভার পর এবার বাঁকুড়া পুরসভা আর তৃণমূলের রইল না। হঠাৎ পৌরপ্রধানের পদ থেকে ইস্তফা দিলেন অলকা সেন মজুমদার। বুধবার বাঁকুড়া সদর মহকুমাশাসকের দপ্তরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। এই ঘটনা যখন ঘটছে তখন তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করলেন খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার। কদিন আগেই তাঁকে জেলার সাধারণ সম্পাদক করা হয়েছিল বলে জানা যাচ্ছে।
এদিকে অলকা সেন মজুমদারের পদত্যাগ নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে এলাকায়। কারণ তাঁর নামে কোনও অভিযোগ নেই। বরং মানুষের সঙ্গে সরাসরি তাঁর যোগাযোগ ছিল। এদিন পদত্যাগ করার পর অলকা সেন মজুমদার বলেন, ‘দল আমাকে যে দায়িত্ব দিয়েছিল তা দায়িত্ব নিয়ে আমি নিষ্ঠার সঙ্গে পালন করেছি। ব্যক্তিগত কিছু কারণ এবং সাংগঠনিক সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়েই আমি পদত্যাগ করলাম। দল আমাকে যে দায়িত্ব দেবে, আগামী দিনেও সেই দায়িত্ব পালন করব।’ আবার খড়গপুর সদরের প্রাক্তন বিধায়ক বুধবার দলের রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে চিঠি পাঠিয়ে দল ছাড়ার কথা জানিয়েছেন। চিঠিতে তিনিও উল্লেখ করেছেন, ব্যক্তিগত কারণেই দল ছাড়ছেন।
অন্যদিকে এই দুটি ঘটনা একসঙ্গে ঘটায় চাপে পড়ে গিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আর দুজনের কারণই ব্যক্তিগত। ২০২২ সালে তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠনের পর অলকা সেন মজুমদার পুরপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন। তবে গত কয়েক বছরে বাঁকুড়া পুরবোর্ডের অভ্যন্তরীণ মতভেদ, কাউন্সিলরদের ক্ষোভ, উন্নয়নমূলক কাজ নিয়ে অসন্তোষ এবং প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে সমস্যা তৈরি হয়েছিল। এবার রাজ্যে পালাবদলের পর বাঁকুড়া পুরসভায় রাজনৈতিক সংঘাতের কেন্দ্রে উঠে আসে। তার ফলেই অলকা সেন মজুমদার পদত্যাগ করলেন বলে মনে করা হচ্ছে।
তাছাড়া প্রদীপ সরকার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী ছিলেন। দিলীপ ঘোষের কাছে তিনি হেরে যান। দিলীপ ঘোষ যখন মেদিনীপুরের সাংসদ হয়েছিলেন তখন খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রেমচাঁদ ঝাঁকে পরাজিত করে বিধায়ক হয়েছিলেন প্রদীপ সরকার। একদা খড়গপুর পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব সামলে ছিলেন। এদিন তিনি পদত্যাগ করলেন। প্রদীপ সরকার নিজের পদত্যাগ নিয়ে বলেন, ‘কোন দলে যাব সেটা এখন বলার সময় নয়। আমি সাধারণ নাগরিক। একজন কাউন্সিলার হিসেবেই রইলাম। মানুষের পরিষেবা দেব।’