এসেও যেন আসছে না, উত্তরে মিললেও দক্ষিণে দেখা নেই বর্ষার
দৈনিক স্টেটসম্যান | ১৭ জুন ২০২৬
শুরু হয়েও যেন হচ্ছে না। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও বর্ষার দেখা নেই। অস্বস্তিকর গরমে একেবারে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। এদিকে ভারী বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ। অন্যদিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। কবে ঝেঁপে নামবে বৃষ্টি? কবে এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে রেহাই মিলবে? চারিদিকে যখন সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ঠিক সেই সময়ে আশার খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর।
রাজ্যে পুরোপুরি বর্ষা প্রবেশ করলেও তা এখনও দুর্বল। বর্ষা শুরু হলেও দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির দেখা মেলেনি। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ জুন থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
তবে দক্ষিণবঙ্গে বর্ষার দেখা না মিললেও উত্তরবঙ্গে প্রতিনিয়ত ভারী থেকে অতিভারী বৃষ্টির দেখা মিলছে। উত্তরবঙ্গে বুধবার, ১৭ জুন থেকে রবিবার, ২১ জুন পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহারের একাধিক এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
গত কয়েকদিন ধরে কলকাতায় অস্বস্তিকর পরিস্থিতির দেখা মিলছে। আপাতত কয়েকদিন কলকাতায় তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।