পাঁচটি খাতায় ৩ কোটিরও বেশি! ‘সিজ’ সব্যসাচীর ও স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট
প্রতিদিন | ১৭ জুন ২০২৬
দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। এবার তাঁর পাঁচটি অ্যাকাউন্ট সিজ করল পুলিশ। পাঁচটি অ্যাকাউন্টের মধ্যে স্ত্রী ইন্দ্রানী দত্তের সঙ্গে একটি যৌথ অ্যাকাউন্ট রয়েছে। পাঁচটি অ্যাকাউন্টে রয়েছে প্রায় ৩ কোটি ৭০ লক্ষ টাকা। এই বিপুল টাকার উৎস কী? আইনি নাকি, বেআইনি উপায়ে তা জমেছে সেই তথ্য জানতে চাইছে পুলিশ। পাশাপাশি যাতে কোনও লেনদেন না করা যায় সেই জন্য এই অ্যাকাউন্টগুলি সিজ করা হয়েছে বলে জানা গিয়েছে।
এ দিকে খোঁজ মিলছে না সব্যসাচীর স্ত্রী ইন্দ্রানীর। তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে আদালতে জানিয়েছে পুলিশ। পাশাপাশি সব্যসাচীকে নিয়ে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। গতকাল মঙ্গলবার বনগাঁয় শ্বশুরবাড়িতে তল্লাশির পর সেই রাতেই নদিয়ার হরিণঘাটায় তাঁর শ্যালিকার স্বামীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।
তৃণমূল থেকে বিজেপি হয়ে ফের তৃণমূলে আসা সব্যসাচীর (Sabyasachi Dutta) বিরুদ্ধে তোলাবাজি-সহ বিভিন্ন অভিযোগ ওঠে। মামলা দায়ের হয় বিধাননগর উত্তর থানায়। গ্রেপ্তার করা হয় তাঁকে। মঙ্গলবার রাতে নদিয়ার হরিণঘাটা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের গৌড়বঙ্গ রোড এলাকায় অভিযান চালায় পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বাড়ির মালিক নিমাই ভৌমিক। পেশায় ওষুধ ব্যবসায়ী। সব্যসাচী দত্তকে সঙ্গে করে নিয়ে নিমাই ভৌমিকের বাড়িতেই প্রায় ১৫ মিনিট ধরে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি পর্ব শেষ হওয়ার পর পুনরায় সব্যসাচী দত্তকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে।