• এবার পুলিশের জালে উদয়ন গুহ, ফুলবাগানের বাড়ি থেকে গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী
    প্রতিদিন | ১৭ জুন ২০২৬
  • পুলিশের জালে রাজ্যের আরও এক প্রাক্তন মন্ত্রী। গ্রেপ্তার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha Arrested)। আজ, বুধবার কলকাতার ফুলবাগান থেকে তাঁকে গ্রেপ্তার করেছে কোচবিহার পুলিশ। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের দাপুটে নেতা তথা প্রাক্তন বিধায়কের খোঁজ চালাচ্ছিল পুলিশ। এরপরেই ফুলবাগানে প্রাক্তন মন্ত্রীর নিজের বাড়ি থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে কোন মামলায় গ্রেপ্তার তা এখনও স্পষ্ট নয়। তবে সূত্রের খবর, প্রতারণা, ভোট পরবর্তী হিংসার মামলায় দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পরেই ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। তবে আজই উত্তরবঙ্গে প্রাক্তন মন্ত্রীকে নিয়ে যাবে পুলিশ।

    পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন উদয়ন গুহ। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে কোচবিহারের সাংগঠনিক দায়িত্বও সামলেছেন উদয়ন গুহ। তৃণমূলের শাসনকালে তাঁর দাপট ছিল চোখে পড়ার মতো। একের পর এক বিতর্কিত মন্তব্য থেকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে উদয়ন গুহকে। কিন্তু রাজ্যে পালাবদলের পরেই বদলে যায় পরিস্থিতি। বিপুল ভোটে বিজেপি প্রার্থীর কাছে হেরে যান উদয়ন গুহ। এরপরেই কোচবিহার ছাড়েন তিনি। কলকাতার ফুলবাগান এলাকাতেই থাকছিলেন। সেভাবে আর প্রকাশ্যে দেখা যায়নি প্রাক্তন মন্ত্রীকে।

    এরমধ্যেই তাঁর বিরুদ্ধে প্রতারণা, ভয় দেখানো-সহ একাধিক ধারায় মামলা রুজু হয় পুলিশে। এমনকী ভোট পরবর্তী হিংসার ঘটনাতেও নাম জড়ায় উদয়ন গুহের। সূত্রের খবর, এরপর থেকেই মন্ত্রীর খোঁজ চালাচ্ছিল পুলিশ। প্রাক্তন মন্ত্রীর গ্রেপ্তারের পরেই দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায় বলেন, ”উদয়ন গুহের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কড়া শাস্তির দাবি জানাচ্ছি।” বিধায়ক আরও জানান, বিজেপি কর্মী রতন বর্মনকে খুনের মামলা থেকে শুরু করে কাটমানি, প্রতারণা-সহ একাধিক মামলা রয়েছে উদয়ন গুহ। ২১ সালের পর ভোট পরবর্তী হিংসাতেও নাম জড়িয়েছিল। অনেক আগেই উদয়নকে গ্রেপ্তারের প্রয়োজন ছিল। সমস্ত ঘটনায় সঠিক বিচার করা প্রয়োজন বলে মন্তব্য বিজেপি বিধায়কের।
  • Link to this news (প্রতিদিন)