আধুনিকীকরণের জেরে খড়গপুর ডিভিশনে রেল বিভ্রাট, রবিবারে বাতিল ও দেরিতে চলবে একগুচ্ছ ট্রেন
News18 বাংলা | ১৭ জুন ২০২৬
রেলের নিরাপত্তা বৃদ্ধি, ট্রেন চলাচলের গতি ও দক্ষতা বাড়াতে খড়্গপুর ডিভিশনে জোরকদমে শুরু হচ্ছে পরিকাঠামো আধুনিকীকরণের কাজ। দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের অন্তর্গত চাকুলিয়া ও ধলভূমগড় স্টেশনের মধ্যে স্বয়ংক্রিয় সিগন্যালিং বা ‘অটোমেটিক সিগন্যালিং’-এর কাজ চালুর উদ্দেশ্যে আগামী ২১ জুন, রবিবার একটি বিশেষ ‘নন-ইন্টারলকিং’ কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে।
এই অত্যন্ত জরুরি কাজের জন্য ওই দিন সংশ্লিষ্ট রেলপথে একটি দীর্ঘ সময়ের ট্রাফিক ব্লক নেওয়া হবে। ফলে আগামী রবিবার ওই লাইনে বেশ কিছু লোকাল ও দূরপাল্লার ট্রেন চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ, বাতিল এবং পুনর্নির্ধারণ করা হয়েছে বলে রেল সূত্রে জানান হয়েছে। সপ্তাহান্তের ছুটির দিনে ট্রেনের এই সময়সূচির পরিবর্তনের জেরে যাত্রীদের চরম হয়রানির মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২১ জুনের এই ব্লক চলার কারণে চাকুলিয়া-টাটানগর মেমু লোকালটি ওই দিন সম্পূর্ণ বাতিল করা হয়েছে। বাতিল ট্রেনের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের সময়সূচিতেও বড়সড় বদল এনেছে রেল। নির্ধারিত সময়ের চেয়ে বেশ কিছুক্ষণ পিছিয়ে চালান হবে বেশ কিছু ট্রেন।
যার মধ্যে হাওড়া-ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস গীতাঞ্জলি এক্সপ্রেস ওই দিন হাওড়া স্টেশন থেকে নির্ধারিত সময়ের চেয়ে ৭০ মিনিট দেরিতে ছাড়বে। একইভাবে জুনাগড় রোড-হাওড়া ইস্পাত এক্সপ্রেস জুনাগড় রোড থেকে ৯০ মিনিট এবং টাটানগর-খড়্গপুর মেমু লোকালটি টাটানগর থেকে ১২০ মিনিট বা ২ ঘণ্টা দেরিতে রওনা দেবে।
দূরপাল্লার ট্রেনের পাশাপাশি দৈনিক যাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হাওড়া-ঘাটশিলা-হাওড়া এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথও ওই রবিবারের জন্য সংক্ষিপ্ত করা হয়েছে। আপ ও ডাউন, উভয় দিক থেকেই ট্রেনটি ঘাটশিলার পরিবর্তে খড়্গপুর স্টেশন পর্যন্ত যাতায়াত করবে। ফলে ওই দিন খড়গপুর এবং ঘাটশিলার মধ্যে এই ট্রেনের পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে। রেল আধিকারিকদের মতে, যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে এবং ভবিষ্যতে ট্রেন চলাচল আরও নিরাপদ ও মসৃণ করতেই এই আধুনিকীকরণের কাজ করা অত্যন্ত প্রয়োজনীয়।
সাময়িক এই অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করে রেলের তরফে সমস্ত যাত্রীদের সহযোগিতা করতে এবং এই পরিবর্তিত সময়সূচি মাথায় রেখেই রবিবারের ভ্রমণের পরিকল্পনা করার অনুরোধ জানান হয়েছে।