২২ জুন বাজেটে কাদের জন্য থাকবে সুখবর, ফলতায় বড় ইঙ্গিত দিয়ে দিলেন শুভেন্দু!
News18 বাংলা | ১৭ জুন ২০২৬
আগামী ২২ জুন প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে শুভেন্দু অধিকারীর সরকার৷ বাজেটে যে বড় কিছু ঘোষণা করা হবে, সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ আজ ফলতায় মুখ্যমন্ত্রী নির্দিষ্ট ভাবে জানিয়ে দিলেন বাজেটে কাদের জন্য বড় সুখবর থাকতে চলেছে৷
এ দিন ফলতায় জনকল্যাণ শিবির পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী৷ এর পরই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ২২ জুন রাজ্য বাজেট আছে৷ সেখানে যুবকদের জন্য নিয়োগ নিয়ে, কর্মচারীদের জন্য, কৃষকদের জন্য আমরা কর্মসূচি নিতে চলেছি৷
রাজ্যে ক্ষমতায় আসার আগে বিজেপি-র অন্যতম প্রতিশ্রুতি ছিল সরকারি পদে শূন্যস্থান পূরণ৷ ক্ষমতায় আসার পর স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার উপরে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটাতেও আলোচনা শুরু করেছে রাজ্য৷ এ ছা়ড়াও কৃষকদের স্বস্তি দিতেও রাজ্য সরকার বাজেটে বড় কোনও ঘোষণা করতে পারে বলেই এ দিন মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়ে রাখলেন৷
জনকল্যাণ শিবিরে মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী৷ ভিড় সামাল দিতে আগামিকাল পর্যন্ত জনকল্যাণ শিবিরের কাজ চলবে বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ শুভেন্দু অধিকারী বলেন, গোটা রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির হচ্ছে। আপনারা শিবিরে সমবেত হয়েছেন। এই শিবির যেহেতু অঞ্চলে অঞ্চলে করা যায়নি তাই লম্বা লাইন দেখছেন। মানুষ এই সরকারের উপর আস্থা রাখছেন, ভরসা রাখছেন। কোনওরকম দুর্নীতি, দালাল ছাড়াই আপনারা যাতে পরিষেবা পেতে পারেন তার জন্য এই ব্যবস্থা নিয়েছি। তাই আমরা আগামিকাল পর্যন্ত এই শিবির চালাবো, এই নির্দেশিকা দিয়েছি। আয়ুষ্মান ভারত সব থেকে গুরুত্বপূর্ণ স্কিম। এই রাজ্যে ১ কোটি ৪৩ লক্ষ পরিবার, সাড়ে ৬ কোটি মানুষ এই পরিষেবা পাবে। প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা এর স্কিম এর পরিষেবা আপনার নিন।