জীবিকার লড়াই থামল সড়কে! পঞ্জাবে দুর্ঘটনায় মৃত্যু হল মালদহের মা-মেয়ের
News18 বাংলা | ১৭ জুন ২০২৬
জীবিকার খোঁজে ভিন রাজ্য পঞ্জাব গিয়ে মর্মান্তিক পরিণতি মা ও মেয়ের! কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মালদহের পরিযায়ী শ্রমিক মা ও কিশোরী। বুধবার তাঁদের কফিনবন্দি দেহ গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।
জানা গিয়েছে, মৃতরা হলেন হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের জনমদল গ্রামের বাসিন্দা পিঙ্কি খাতুন (৩৫) এবং তাঁর বড় মেয়ে জবেদা খাতুন (১৫)। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে পরিবারের আরও এক সদস্য, মেজো মেয়ে জাহেদা খাতুন। তবে ঘটনাক্রমে ওই গাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যান পিঙ্কির স্বামী জাবেদ আলী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটছিল তাঁদের। জীবিকার তাগিদে স্বপরিবারে পঞ্জাবে গিয়ে প্লাস্টিক সংগ্রহের কাজ করতেন জাবেদ আলী ও পিঙ্কি খাতুন।
সম্প্রতি বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য তাঁরা মালদহে ফিরেছিলেন। ভোটপর্ব মিটতেই ফের কাজের উদ্দেশ্যে পঞ্জাবে ফিরে যান। জাবেদ আলীর অভিযোগ, গত রবিবার সকালে পঞ্জাবের জলন্ধর জেলার ভোগপুর থানা এলাকার জম্মু জাতীয় সড়কে একটি খোলা চারচাকা গাড়িতে করে প্লাস্টিক সংগ্রহ করে ফেরার সময় একটি দ্রুতগতির বাস তাঁদের গাড়িতে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই পিঙ্কি খাতুন ও তাঁর মেয়ে জবেদা খাতুনের মৃত্যু হয়। গুরুতর আহত হন জাহেদা।
এই মর্মান্তিক ঘটনার খবর গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে জনমদল এলাকায়। বুধবার সকালে অ্যাম্বুলেন্সে করে মা ও মেয়ের কফিনবন্দি দেহ গ্রামে আনা হলে শেষবারের মতো তাঁদের দেখতে ভিড় জমান শতাধিক গ্রামবাসী। পরিবার-পরিজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। পরিযায়ী শ্রমিক পরিবারের এই করুণ পরিণতি নতুন করে জীবিকার সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দেওয়া শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।