নাগরদোলা-টয় ট্রেন অতীত, মালদহের মেলায় এবার জলপরী দেখতে মানুষের ঢল! টিকিট মূল্য কত?
News18 বাংলা | ১৭ জুন ২০২৬
: সন্ধ্যা নামলেই জমে উঠছে মালদহ শহরের ডিএসএ মাঠ সংলগ্ন এক্সপো মেলা। নানা ধরনের বিনোদনমূলক আয়োজনের মধ্যে এবার দর্শকদের সবচেয়ে বেশি আকর্ষণ করছে ‘মৎস্যকন্যা’ বা ‘জলপরী’ শো। রোজগারের তাগিদে জলের ভিতর দীর্ঘ সময় কাটিয়ে অভিনব কৌশল প্রদর্শন করছেন মহিলারা, আর সেই দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য মানুষ।
জানা গিয়েছে, এক মাসব্যাপী চলবে এই এক্সপো মেলা। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকছে। নাগরদোলা, টয় ট্রেন, বিভিন্ন খাবার ও কেনাকাটার স্টলের পাশাপাশি দর্শকদের বিনোদনের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে মৎস্যকন্যা শো। শো পরিচালনার দায়িত্বে থাকা কৌসার আলী জানান, বর্তমান সময়ের চাহিদা ও দর্শকদের আগ্রহের কথা মাথায় রেখেই এই নতুন আকর্ষণ আনা হয়েছে। তিনি বলেন, “মেলায় আগত মানুষদের বাড়তি আনন্দ দিতেই মৎস্যকন্যা শো রাখা হয়েছে। ছোট থেকে বড় সব বয়সের মানুষ খুব কাছ থেকে এই শো উপভোগ করতে পারছেন। জলের ভিতরে মৎস্যকন্যার বিভিন্ন কৌশল দর্শকদের মুগ্ধ করছে।”
মৎস্যকন্যা শোর ম্যানেজার কৌশল গুপ্তা জানান, “বর্তমানে চারজন মহিলা এই শোতে অংশ নিচ্ছেন। প্রতিটি শোয়ের সময়সীমা প্রায় পাঁচ মিনিট এবং প্রতিবার আলাদা শিল্পী পারফর্ম করেন। মালদহের কোনও মেলায় এই ধরনের শো এই প্রথম আয়োজন করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে কৌতূহল ও আগ্রহ বেড়েছে।”
শো দেখার জন্য জনপ্রতি ১০০ টাকা প্রবেশমূল্য ধার্য করা হয়েছে। তবে পাঁচ বছরের নিচের শিশুদের জন্য প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। আয়োজকদের দাবি, প্রতিদিনই বিপুল সংখ্যক দর্শক এই শো দেখতে ভিড় করছেন। মালদহের এক্সপো মেলায় তাই এবার নাগরদোলা বা টয় ট্রেন নয়, দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জলের নিচে অভিনয় করা এই ‘জলপরী’। রোজগারের সংগ্রামের পাশাপাশি তাঁদের এই অভিনব উপস্থাপনাই এখন মেলার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।