: সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হল বিগত সরকারের ‘দুয়ারে সরকার’-এর আদলে ডাবল ইঞ্জিন সরকারের ‘জনকল্যাণ শিবির’। আর এই জনকল্যাণ শিবিরে গিয়ে গাফিলতি নজরে আসে সিউড়ি বিধানসভার বিধায়ক তথা রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের। আর এই নিয়ে ফিন্যান্স অফিসারকে কার্যত ধমক দিলেন তিনি। আজ বুধবার বীরভূম জেলার সদর শহর সিউড়ির সিধো কানহু মঞ্চে আয়োজিত জনকল্যাণ শিবিরে এই ঘটনা ঘটে।
সিউড়ি বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, “আমাদের দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী ছবি-সহ জনকল্যাণ শিবিরের ব্যানার সঠিকভাবে নিয়ম মেনে টাঙানো হয়নি। জনকল্যাণ শিবিরের খুব খারাপ ব্র্যান্ডিং করা হয়েছে।” আর এই অভিযোগ তুলে ফিন্যান্স অফিসারকে কার্যত ধমকের সুরে মন্ত্রীর প্রশ্ন, ‘এখনও মাথায় তৃণমূল ঢুকে আছে নাকি?’
এদিন সিউড়ির শহরের সিধো কানহু মঞ্চে জনকল্যাণ শিবির পরিদর্শনে করতে যান মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। সিউড়ি শহরের ১৩, ১৪, ১৫ এবং ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সরকারি প্রকল্পে সুবিধা দেওয়ার লক্ষ্যে এই জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। গাড়ি থেকে নামার পর শিবিরে ঢোকার মুখে ব্যানারের ডিসপ্লে দেখে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। এরপরেই সিউড়ি পুরসভার ফিন্যান্স অফিসারকে ডেকে তিনি ওই ব্যানারগুলি দেখান।
এরপরেই জগন্নাথ চট্টোপাধ্যায় ফিন্যান্স অফিসারের দিকে একের পর এক প্রশ্ন ছুঁড়ে দেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ছবি হজম করতে অসুবিধা হচ্ছে? এভাবে শিবির চালাবেন? এটা একটা ব্যানার টাঙানোর ধরণ? এটা কেমন ভাবে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ছবি ঝুলিয়ে রেখেছেন? এখনও মাথায় তৃণমূল ঢুকে আছে নাকি? যতগুলি শিবির পরিদর্শন করলাম সব থেকে খারাপ ব্রান্ডিং এখানে।”