• সোনারপুরে ফ্ল্যাট থেকে তরুণীর পচাগলা দেহ উদ্ধার, খুন নাকি অন্য কিছু?
    এই সময় | ১৭ জুন ২০২৬
  • সোনারপুরে ফ্ল্যাট থেকে তরুণীর পচাগলা দেহ উদ্ধার। খুনের অভিযোগ পরিবারের। সোনারপুরের বরেন্দ্রপাড়া এলাকায় একটি ফ্ল্যাট থেকে এক তরুণীর পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার রাতে দেহ উদ্ধার হয়। মৃতের নাম প্রিয়াঙ্কা গায়েন (২৭)।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রিয়াঙ্কা ওই ফ্ল্যাটে একাই থাকতেন। গত তিন-চার দিন ধরে তাঁকে কেউ দেখতে পাননি বলেই খবর। মোবাইল ফোনও সুইচড অফ ছিল। এ দিন ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরোতে থাকে। এর পরেই প্রতিবেশীরা সোনারপুর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা খুলে প্রিয়াঙ্কার পচাগলা দেহ উদ্ধার করে।

    পুলিশের প্রাথমিক অনুমান, কয়েকদিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। তবে ঠিক কবে এবং কী ভাবে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া সম্ভব নয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পার্লারে কাজ করতেন প্রিয়াঙ্কা। বাবা, মা সোনারপুর ঘাসিয়াড়া এলাকায় নিজেদের বাড়িতে থাকেন।

    মৃতের বাবা শিবুরাম গায়েন জানান, মেয়ে তাঁদের সঙ্গে থাকতেন না। আলাদা ফ্ল্যাট কিনে একাই থাকতেন। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে এসেছেন। অন্যদিকে, প্রিয়াঙ্কার মা মিলি গায়েনের দাবি, তাঁর মেয়েকে খুন করা হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে হবে।

    প্রিয়াঙ্কার পিসি বন্দনা প্রসাদ জানান, গত শুক্রবার রাতে প্রিয়াঙ্কা এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন। এর পর থেকেই তাঁর ফোন বন্ধ ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

  • Link to this news (এই সময়)