• মমতার উচিত দলের প্রতীকটা খুলে ফেলা, আক্রমণ রাহুলের
    আজকাল | ১৮ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: "মমতা ব্যানার্জির পাশে কোনও লোক নেই। লজ্জা থাকলে তৃণমূল কংগ্রেসের প্রতীকটা ওঁর খুলে ফেলা উচিত।" বুধবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই ভাষাতেই সমালোচনা করলেন বিজেপি সাংসদ ও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা। এদিন কলকাতায় হকার উচ্ছেদের বিরুদ্ধে মমতা ব্যানার্জির প্রতিবাদ সভা এবং সেই সভায় তৃণমূলের লোকজনের 'কম' উপস্থিতিকে কটাক্ষ করে একথা বলেন তিনি। 

    তাঁর কথায়, "এই মুহূর্তে রাজ্যে সবচেয়ে ছোট রাজনৈতিক দল মমতার নেতৃত্বে থাকা তৃণমূল কংগ্রেস। এতদিন তিনি হিজাব পরে ঘুরেছেন এবার তিনি বোরখা পরে ঘরে বসে থাকুন। হুমায়ুন কবীরের দলও তাঁর দলের থেকে বড়। মমতা এখন তৃণমূল কংগ্রেসের সংখ্যা লঘিষ্ঠদের প্রতিনিধি। নির্বাচনের ফল ঘোষণার মাত্র দেড় মাসের মধ্যে দলটা এমন অবস্থায় দাঁড়িয়ে গেল যার উদাহরণ পৃথিবীতে নেই।"

    রাজ্য জুড়ে জায়গায় জায়গায় তৃণমূল নেতাদের প্রতি ডিম ছোঁড়া প্রসঙ্গে এদিন রাহুল বলেন, "এখন মানুষ ডিম ছুঁড়ছেন। আগে তৃণমূল কংগ্রেসের লোকজন মানুষের দিকে বোম ছুঁড়ত। যদিও এই ধরনের কাজ আমরা সমর্থন করি না।" 

    রাজ্য জুড়ে বিভিন্ন অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেপ্তারি প্রসঙ্গে এদিন বিজেপির সাংসদ বলেন, "তৃণমূল কংগ্রেসে সৎ লোক কে আছে? একটা অসৎ উৎপাদনের কারখানা।" তাঁর কথায়, যারা অন্যায় করেছেন তাঁরা কেউই পার পাবেন না।
  • Link to this news (আজকাল)