• পুরী থেকে গ্রেপ্তার প্রাক্তন কাউন্সিলর সুশান্ত ঘোষ
    আজকাল | ১৮ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: অবশেষে গ্রেপ্তার কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুশান্ত ঘোষ। বুধবার পুরী থেকে ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, কাটমানি-সহ একাধিক অভিযোগ রয়েছে।

    রাজ্য়ে পালা বদলের পর এই নিয়ে কলকাতা পুরসভার ১০ জন প্রাক্তন কাউন্সিলরকে গ্রেপ্তার করা হল।

    বেআইনিভাবে হকারদের থেকে বিপুল টাকা আদায়ের অভিযোগ রয়েছে সুশান্ত ঘোষ এবং তাঁর কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে। এই কাউন্সিলরের বিরুদ্ধে পূর্ব কলকাতার আনন্দপুর থানায় অভিযোগ জমা দিয়েছিলেন হকার্স কমিটির ১৩০ জন সদস্য। বাজারে জায়গা পাইয়ে দেওয়ার আশ্বাসে প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় আট জনের বিরুদ্ধে। অভিযুক্তদের তালিকায় সবার আগে ছিল সুশান্ত ঘোষের নাম। 

    ২০২২-২০২৩ সালে ১০৮ নম্বর ওয়ার্ডের মধ্যে একটি বাজারে নতুন করে টিন ও শাটার লাগানো বেশ কিছু দোকান তৈরি করা হয়। সেই সময় ব্যবসায়ীদের বলা হয়েছিল, কে কোন দোকান পাবেন তা নির্ধারণ করবে একটি নির্দিষ্ট গোষ্ঠী। অভিযোগকারী হকারদের দাবি, দোকানের আকার অনুযায়ী আলাদা আলাদা ‘রেট’ ঠিক করে দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী টাকা জদিয়েছিলেন ব্যবসায়ীরা। এরপরও তাঁদের কাছ থেকে যে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ। 

    অভিযোগ জানাজানি হতেই আর খুঁজে পাওয়া যাচ্ছিল না সুশান্তকে। তদন্তে জানা যায় ওড়িশায় রয়েছেন প্রাক্তন এই তৃণমূল কাউন্সিলর। এরপর কলকাতা পুলিশের দল এদিন সুশান্তকে পুরী থেকে পাকড়াও করে।

    উল্লেখ্য, বিধানসভা ভোটে তৃণমূল হারতেই কলকাতা পুরমনিগমের ১২ নং বোরো-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সুশান্ত ঘোষ। ২০২৪ সালে তাঁর উপর হামলার জন্য দায়ী মূল অভিযুক্তকে মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন পুলিশ প্রশাসন না ধরতে পারার অজুহাতেই ইস্তফা দেন তিনি।

     
  • Link to this news (আজকাল)