‘জিটিএ ফাইলস’ হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই ইস্তফা অনীত থাপার, পাহাড়ে রাজনৈতিক তরজা তুঙ্গে
News18 বাংলা | ১৮ জুন ২০২৬
দার্জিলিং পাহাড়ের রাজনীতিতে নতুন করে জোর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দুর্নীতির অভিযোগে জিটিএ-র ফাইল খোলার হুঁশিয়ারি দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন অনীত থাপা। শুধু চেয়ারম্যান পদই নয়, তিনি জিটিএ-র সভাসদ পদ থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন।
সম্প্রতি পাহাড় সফরে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জিটিএ-তে তৃণমূল সরকারের আমলে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে ‘জিটিএ ফাইলস’ খোলার কথা বলেন। তাঁর এই মন্তব্যের পর থেকেই পাহাড়ের রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে ওঠে এবং প্রশাসনিক মহলেও নড়াচড়া শুরু হয়। ইস্তফার পর সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় অনীত থাপা বলেন, “রাজ্যে পরিবর্তন এসেছে এবং মানুষ সেই পরিবর্তনকে মেনে নিয়েছে। জিটিএ নিয়ে পাহাড়ের মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। সবাই চাইছে তদন্ত হোক, আমিও চাই তদন্ত হোক। তবে জিটিএ-তে খুব বেশি অর্থ বরাদ্দ আসত না।” তিনি আরও জানান, মানুষের ক্ষোভ ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
অনীত থাপার এই পদক্ষেপের পর পাহাড়ের রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেবে, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। জিটিএ-র দায়িত্বে এবার কাকে আনা হবে, তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, নতুন করে কি আবার পাহাড়ের রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা বিমল গুরুং-এর প্রত্যাবর্তনের পথ খুলছে? সেই প্রশ্নও এখন ঘুরপাক খাচ্ছে পাহাড়ের রাজনীতিতে। জিটিএ-র শীর্ষ পদে এই আকস্মিক পদত্যাগ পাহাড়ের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এখন নজর রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপ এবং জিটিএ-র ভবিষ্যৎ নেতৃত্বের দিকে।