• হঠাৎ 'জল্লাদের' মতো ঝাঁপিয়ে পড়ল দক্ষিণরায়, স্বামীর চোখের সামনে থেকে মুখে করে নিয়ে গেল স্ত্রীকে
    News18 বাংলা | ১৮ জুন ২০২৬
  • মৃত্যুমিছিল বাড়ছেই। বাঘের আক্রমণে ফের মৃত্যু হল কুলতলিতে। জানা গিয়েছে এবার এক মহিলা বাঘের আক্রমণের শিকার হয়েছেন। ওই মহিলার নাম বন্দনা দাস। তিনি কুলতলির মৈপিঠ এলাকার বাসিন্দা। এই মৃত্যুর ফলে ১৮ দিনে ৫ জন মৎস্যজীবী নিহত হলেন। সকলেই মৈপিঠের বাসিন্দা। ফলে মৈপিঠের মানুষজনের মধ্যে আতঙ্ক বাড়ছেই।

    জানা গিয়েছে, সুন্দরবনের কলস ক্যাম্পের অনতি দূরে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হয়েছে কুলতলির মৈপিঠ কোস্টাল থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের পয়লা ঘেরির বন্দনা দাসের। স্বামীকে সঙ্গে নিয়ে তিনি কাঁকড়া ধরতে গিয়েছিলেন। হঠাৎ করে বাঘ তার ওপরে ঝাঁপিয়ে পড়ে।  এ নিয়ে বন্দনার স্বামী গৌতম দাস জানান, কাঁকড়া ধরতে গিয়েছিলেন। কলসের কাছে কাঁকড়া ধরে দুপুরে খাবার পরিকল্পনা করছিলেন। এই সময় জল নিতে নৌকার ঘেরা জায়গায় যান তিনি।

    সেই সময় একটা আওয়াজ শুনে বাইরে এসে দেখেন তাঁর স্ত্রী নেই। এরপর চেঁচামেচি করলে দেখেন। বাঘ জলে তাঁর স্ত্রীকে ছেড়ে পালাচ্ছে। এই ঘটনা নিজের চোখের সামনে দেখে হতভম্ব হয়ে যান তিনি। পরে পাশে থাকা অন্য একটি মাছ ধরা নৌকাও আসে। এরপর স্ত্রীকে তুলে নৌকায় করে বাড়ি ফিরতে শুরু করেন। ঘটনার জেরে ভেঙে পড়েছেন তিনি। এই ঘটনায় মানবাধিকার সংগঠনগুলি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। সরকারি সাহায্যও যাতে তাঁরা পায় সেই দিকটিও দেখা হবে বলে জানিয়েছেন তাঁরা।
  • Link to this news (News18 বাংলা)