• ডিম রুখতে হবে, মমতার বাড়ির উঠোনে বসল 'ভিউ কাটার', কুণালের ঘটনার পরেই পদক্ষেপ
    আজ তক | ১৮ জুন ২০২৬
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উঠোনে একটি ‘ভিউ কাটার’ বসানো হয়েছে। এর আগে কখনও সেখানে এমন ব্যবস্থা দেখা যায়নি। ফলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা, সাম্প্রতিক সময়ে তৃণমূলের একাধিক নেতা ও প্রাক্তন মন্ত্রীর উপর ডিম নিক্ষেপের ঘটনার জেরেই এই পদক্ষেপ নেওয়া হয়ে থাকতে পারে।

    গত সোমবার সন্ধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বের হওয়ার সময় আচমকাই ডিম হামলার মুখে পড়েন কুণাল ঘোষ। অভিযোগ, কালো পোশাক পরা এক যুবক আচমকা তাঁর সামনে এসে মাথা লক্ষ্য করে ডিম ছুড়ে মারে। ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে কুণাল বলেন, ডিমটি এমনভাবে এসে লেগেছিল যে তাঁর বাঁ চোখ অল্পের জন্য রক্ষা পেয়েছে। তিনি গোটা ঘটনাকে ‘অসভ্যতা’ ও ‘বাঁদরামি’ বলে কটাক্ষ করেন এবং জেড ক্যাটাগরির নিরাপত্তা বলয়ে থাকা একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে পুলিশের ভূমিকাও প্রশ্নের মুখে তোলেন। পরে অবশ্য এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়।

    বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই দলের একাধিক নেতা-কর্মী জনরোষের মুখে পড়েছেন। কোথাও ‘চোর-চোর’ স্লোগান, কোথাও আবার ডিম নিক্ষেপ, এই ধরনের ঘটনা বারবার সামনে এসেছে। ইতিমধ্যেই সৌগত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত এবং কুণাল ঘোষের মতো নেতারা হামলার শিকার হয়েছেন। তবে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই কুণালের উপর হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে বেশি প্রশ্ন উঠেছে।

     
  • Link to this news (আজ তক)