সোশ্যাল মিডিয়ায় যোগাসনের ছবি দিলেই মিলবে পুরস্কার, কীভাবে অংশ নেবেন জানুন
News18 বাংলা | ১৮ জুন ২০২৬
যোগাভ্যাসের ছবি পোস্ট করেই মিলবে পুরস্কার। হাওড়া পুরসভা নিয়েছে বিশেষ উদ্যোগ। প্রতিদিন যোগ অভ্যাসের মাধ্যমে শরীর সুস্থ রাখার পাশাপাশি এবার পুরস্কার জেতার সুযোগ হাওড়া শহরবাসীর। খুব সহজ নিয়মে কোনও ব্যক্তি অংশগ্রহণ করতে পারবে প্রতিযোগিতায়। সর্বোচ্চ স্থান অধিকারীকে পুরসভার তরফে বিশেষ সম্মানে সম্মানিত করা হবে, এমনটাই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে জেলার বিভিন্ন প্রান্তে সরকারিভাবে যোগাভ্যাসের আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যেই ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ, শিবপুর বোটানিক্যাল গার্ডেন সহ বিভিন্ন স্থানে যোগ আয়োজিত হয়েছে। যোগ হোক প্রতিদিন, সুস্থ থাকুক প্রতিটি দিন, এই বার্তাকে সামনে রেখেই জেলায় যোগাভ্যাসে ছবি ও ভিডিও পোস্ট এর প্রতিযোগিতার আয়োজন করেছে।
যেকোনও ব্যক্তি নিজের প্রতিদিনের যোগাভ্যাসের ছবি অথবা ভিডিও এবং ক্যাপশনে যোগের নাম এবং #swachhataseswagat লিখে নিজের সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে পোস্ট করুন। সেই পোস্ট হাওড়া মিউনিসিপাল ( Howrah Municipal Corporation) এর ফেসবুক পেজ ট্যাগ করে। সেই পোস্ট হাওড়া পুরসভার ফেসবুক থেকে পুনরায় পোস্ট করা হবে। সর্বোচ্চ স্থান অধিকারীকে আগামী ২১ জুন পুরনিগমের পক্ষ থেকে বিশেষ সম্মানে সম্মানিত করা হবে বলে জানানো হয়েছে।
বিশ্বযোগ দিবস পালিত হচ্ছে দেশজুড়ে। নিয়মিত যোগ অভ্যাসের মধ্য দিয়ে সাধারণ মানুষকে সুস্থ রাখার বার্তা দিতে পোস্টার, ব্যানারের পাশাপাশি বিভিন্ন স্থানে যোগাভ্যাসের কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। সেই মত কয়েক দিন আগে থেকেই যোগাভ্যাস কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। মন্ত্রী, বিধায়ক, জেলাশাসক, পুলিশ থেকে ছাত্র-ছাত্রী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করছেন। আরও বেশি মানুষের মধ্যে উৎসাহ প্রদানে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সেই মত হাওড়া পুরসভার এই বিশেষ উদ্যোগ।