• ভাগবতের উপর হামলার পর এবার রাঁচিতে আরএসএস দপ্তরে বোমা! তদন্তের দাবিতে সরব বিজেপি
    প্রতিদিন | ১৮ জুন ২০২৬
  • মোহন ভাগবতের উপর হামলার পর এবার রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের দপ্তরে পেট্রল বোমা। মঙ্গলবার মধ্যরাতে ঝাড়খণ্ডের রাঁচির আরএসএস দপ্তরে (Ranchi RSS Office) বোমা ছুড়ল দুষ্কৃতীরা। এই হামলায় হতাহতের কোনও ঘটনা না ঘটলেও ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবিতে সরব হয়েছে ঝাড়খণ্ড বিজেপি। পাশাপাশি সংঘের দপ্তরের নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছে গেরুয়া শিবির।

    জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১২টা নাগাদ এই হামলার ঘটনা ঘটে। ভয়ংকর এই ঘটনার ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, রাতের অন্ধকারে দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে আরএসএসের দপ্তরের সামনে উপস্থিত হয়। এরপর সঙ্গে থাকা ব্যাগ থেকে পেট্রল বোমা বের করে, আগুন ধরিয়ে তা ছুড়ে দেয় পাঁচিলের ওপারে। বোমা ছুড়েই চম্পট দেয় অভিযুক্তরা। পাশাপাশি আর একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দপ্তরের ভিতরে সারিবদ্ধভাবে দাঁড় করানো রয়েছে গাড়ি ও বাইক। সেখানে এসে পড়ে ওই পেট্রল তবে কোনওভাবে তার আগুন নিভে যাওয়ায় বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

    এই ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবিতে সরব হয়েছে ঝাড়খণ্ড বিজেপি। স্থানীয় বিজেপি বিধায়ক বাবুলাল মারান্ডি ঘটনার নিন্দা করে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা এক ভিডিও বার্তায় বলেন, “এই ধরনের ঘটনায় স্পষ্ট যে জেএমএম ও কংগ্রেসের শাসনে ঝাড়খণ্ডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক কোন পর্যায়ে পৌঁছেছে।” তাঁর আরও অভিযোগ, “সম্প্রতি আমরা দেখেছি কিছু লোক আরএসএসকে নিয়ে কী ধরনের আপত্তিকর মন্তব্য করেছিল। এর ঠিক পর এই হামলায় স্পষ্ট যে দুইটি ঘটনা একসূত্রে বাঁধা। দেশে আরএসএসকে নিয়ে বিষ ছড়ানো হচ্ছে, এটা তারই মারাত্মক পরিণতি।”

    এদিকে ঘটনার পর রাঁচি সিটি পুলিশের এসপি পারস রানা বলেন, ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছন। গোটা ঘটনার তদন্ত চলছে। ২ যুবক এই হামলার নেপথ্যে ছিল বলে জানা গিয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। শীঘ্রই অপরাধীদের গ্রেপ্তার করা হবে। অন্যদিকে স্থানীয়দের দাবি, স্থানীয় একটি হোটেলের সঙ্গে ওই দপ্তরের কর্মীদের মধ্যে বিবাদ ছিল। সেই শত্রুতা থেকেই এই ঘটনা ঘটে থাকতে পারে।

    উল্লেখ্য, গত বৃহস্পতিবার আরএসএস প্রধান মোহন ভাগবতের উপর হামলার ঘটনা ঘটেছিল। স্বর্ণ শতাব্দী এক্সপ্রেসে উত্তরপ্রদেশ থেকে দিল্লি ফিরছিলেন ভাগবত। রেল পুলিশ সূত্রের খবর, সন্ধে ৭টা ২০ মিনিট নাগাদ কানপুর থেকে দিল্লি যাওয়ার পথে ট্রেনটি যখন উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলার মাকখানপুর স্টেশন অতিক্রম করছিল, ঠিক তখনই কামরাটি লক্ষ্য করে পাথরবৃষ্টি করা হয়। পাথরের আঘাতে জানলার কাচের বাইরের অংশটি ভেঙে যায়। ঘটনার সময় আরএসএস প্রধান আক্রান্ত জানলাটির ঠিক উল্টো দিকের আসনে বসেছিলেন। তাঁর কোনও চোট না লাগলেও এই ঘটনায় সাড়া পড়ে যায় দেশে। এবার রাঁচিতে আরএসএস দপ্তরে হামলার ঘটনা ঘটল।
  • Link to this news (প্রতিদিন)