• 'ইস্টবেঙ্গল ছাড়লাম, তোমাদের অনেক শুভেচ্ছা', নীরবতা ভাঙলেন মিগুয়েল, নতুন ঠিকানা মোহনবাগান
    আজকাল | ১৭ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল জানিয়ে দিলেন তিনি আর ইস্টবেঙ্গলে থাকছেন না। একবছর ছিলেন লাল-হলুদে। আর এই একবছরে তিনি লাল-হলুদ সমর্থকদের হৃদয় জিতে নিয়েছিলেন। ইস্টবেঙ্গলকে আইএসএল চ্যাম্পিয়ন করাতে তিনি সাহায্য করেছিলেন। আইএসএলের গোল্ডেন বল জিতেছিলেন তিনি। সেই মিগুয়েলকে ইস্টবেঙ্গল থেকে তুলে নিল মোহনবাগান।

    আইএসএলের গোল্ডেন বল জয়ী মিগুয়েল যে ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে যাচ্ছেন, তা আগেই জানিয়েছিল আজকাল ডট ইন। এদিন মিগুয়েল ইনস্টাগ্রামে তাঁর বিদায়বার্তা জানালেন। ইস্টবেঙ্গল ভক্তদের উদ্দেশে লিখলেন, ''আমি এখানেই থামলাম। গুডবাই জানাই তোমাদের। এরকম ঐতিহ্যশালী এক ক্লাবে খেলা আমার কাছে সম্মানের। ইস্টবেঙ্গল ক্লাব ও সমর্থকদের শুভেচ্ছা জানাই ভবিষ্যতের।''

    ইস্টবেঙ্গলকে আইএসএল চ্যাম্পিয়ন করা কোচ অস্কার ব্রুজোঁ লাল-হলুদ কর্তাদের শর্ত দিয়েছিলেন। কেভিন সিবিয়ে, মহম্মদ রশিদ ও মিগুয়েল থাকলে তবেই তিনি লাল-হলুদে নতুন মরশুমে কোচিং করাবেন। মিগুয়েল চলে গেলেন ইস্টবেঙ্গল ছেড়ে। কেভিন কী করবেন, এখনও জানা নেই। রশিদ সই করেছেন লাল-হলুদে। এবার অস্কার কী করবেন? মিগুয়েলের চলে যাওয়া আশঙ্কিত করে তুলছে লাল-হলুদ ভক্তদের। কী হবে এবার? ব্রাজিলিয়ান প্লেমেকারের শূন্যস্থান পূরণ করবেন কে? শেষমেশ কেভিনকে ধরে রাখা কি সম্ভব হবে? অস্কার নিজেও কি থাকবেন? অনেক প্রশ্ন তুলে দিয়ে গেলেন মিগুয়েল।

    মিগুয়েলকে ধরে রাখতে পারল না কেন ইস্টবেঙ্গল? সূত্রের খবর ব্রাজিলিয়ান তারকা যে অর্থ দাবি করেছিলেন ইস্টবেঙ্গলের কাছে, তা দেওয়ার ক্ষমতা ছিল না লাল-হলুদের। সেই জায়গায় মোহনবাগানের লোভনীয় প্রস্তাব গ্রহণ করে নেন মিগুয়েল। দলবদলের বাজারে মোহনবাগান ইস্টবেঙ্গলের ঘর ভাঙল। ডার্বির বাঁশি বাজার আগেই মিগুয়েলকে তুলে নিয়ে ইস্টবেঙ্গলের জালে বল জড়াল মোহনবাগান।
  • Link to this news (আজকাল)