• 'সঙ্গীতের সঙ্গে যুক্ত শিল্পীদের নিয়ে অরাজনৈতিক মঞ্চ...', 'পারফরমার্স অফ বেঙ্গল' নিয়ে আর কী বললেন রুদ্রনীল
    আজকাল | ১৭ জুন ২০২৬
  • বুধবার সঙ্গীতের সঙ্গে যুক্ত শিল্পীদের নিয়ে গঠিত হল 'পারফর্মার্স অফ বেঙ্গল'। রুদ্রনীল বলেন, " গায়ক গায়িকা এবং যন্ত্রশিল্পীদের নিয়ে তৈরি একটা নিরপেক্ষ অরাজনৈতিক মঞ্চ৷ তাঁদের কিছু ন্যায্য দাবি আছে৷ এই অর্গানাইজেশনে আমাকে রাখা হয়েছে, যাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে শিল্পীরা যে গুরুত্বপূর্ণ বার্তা দিতে চান, সেটা আমি পৌঁছে দিতে পারি৷ "

    রুদ্রনীল বলেন, "আমি মাধ্যম মাত্র৷ শিলাজিৎদা, রাঘবদা, অনিন্দ্য, সিধু পটা এঁদের সঙ্গে আমার বেড়ে ওঠা৷ সঙ্গীতশিল্পী এবং যন্ত্রশিল্পীদের কী কী সমস্যা হয়েছে সেকথা তাঁরা জানাবেন, এঁরা মনে করেছেন আমার মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দেওয়া সহজ হবে৷ অনেকেই অনুষ্ঠানের কারণে উপস্থিত থাকতে পারেননি৷ যেমন শ্রীকান্ত আচার্য, জয়তী চক্রবর্তী বার্তা দিয়েছেন। নতুন একটা আলো এসেছে৷ সকলেই আশা নিয়ে রয়েছেন৷ মুখ্যমন্ত্রী যে স্বচ্ছতার বার্তা দিচ্ছেন, তাতে সঙ্গীতশিল্পী এবং যন্ত্রশিল্পীরা মনে করছেন যে কাজ এতদিন করতে দেওয়া হয়নি, পছন্দকেই যোগ্যতা হিসাবে বিবেচনা করে কাজ পাইয়ে দেওয়া হত, সেই বিষয় আর হবে না এটা বুঝতে পেরে তাঁরা আনন্দিত৷"

    "মানুষের চাওয়াতেই এই সরকার এসেছে৷ মানুষের জন্য আইনমাফিক যা যা করা সম্ভব তা করা হবে৷ বেশ কিছু মানুষকে বাধ্য করা হত, যেমনটা টালিগঞ্জে দেখেছেন, শিল্পী কলাকুশলীদের কিছু মানুষের পাশে দাঁড়িয়ে হাসতে হত, ছবি তুলতে হত, নাহলে তাদের পেটের ভাত চলে যাবে৷ গায়ক গায়িকা আধুনিক থেকে ক্ল্যাসিকাল সমস্ত শিল্পীদের ক্ষেত্রে হয়েছিল 'কাজ দিতে হবে'৷ কাজ দিলে কাজ পাওয়া যাবে, এই যে যন্ত্রণা, সেখান থেকে বেরোতে চান সকলে, আমি যেহেতু একসময় গান লিখতাম, পটার সঙ্গে গান লিখেছি, এঁরা সকলেই আমার বন্ধু৷ তাই এরা আমার মাধ্যমে মুখ্যমন্ত্রীকে বলতে চান৷ "

    রুদ্রনীল ঘোষ বলেন, "প্রচুর মানুষকে বাধ্য করা হত, আপনি যদি এই ষড়যন্ত্রে লিপ্ত না হন, আপনাদের পেটের ভাত কেড়ে নেওয়া হবে৷" ফোরাম প্রসঙ্গে রুদ্রনীল বলেন, "গ্রাম এবং শহরে পারিশ্রমিকে ভেদ আছে৷ আধুনিক গানের সঙ্গে কীর্তন বা শ্রীখোল যিনি বাজান, এই মাটির সুরের সঙ্গে যুক্ত মানুষদের যদি যুক্ত করা যায় হয়তো ভাল হবে৷ " ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এই ফোরামে কি তাঁকে জায়গা দেওয়া হবে? রুদ্রনীল বলেন, "আইন আছে, আইন মেনে যা ব্যবস্থা নেওয়ার, নেওয়া হবে৷"
  • Link to this news (আজকাল)