বাংলা গানের বিপণনে বিশ্বমানের উদ্যোগ ! হাত মেলাল এসভিএফ-ওয়ার্নার মিউজিক
eTV Bharat | ১৭ জুন ২০২৬
কলকাতা, 17 জুন: বাংলা গান দীর্ঘদিন ধরেই বাঙালির আবেগ, সংস্কৃতি ও পরিচয়ের অন্যতম বাহক। তবে ডিজিটাল যুগে বিশ্বব্যাপী শ্রোতার কাছে পৌঁছতে প্রয়োজন আন্তর্জাতিক বিপণন ও শক্তিশালী বিতরণ ব্যবস্থার। সেই লক্ষ্যেই বাংলা সঙ্গীতের প্রসারে এসভিএফ এবং ওয়ার্নার মিউজিক হাত মিলিয়েছে একে অপরের সঙ্গে। বাংলা সঙ্গীতকে বিশ্বমঞ্চে আরও বৃহত্তর পরিসরে পৌঁছে দিতে এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়।
আন্তর্জাতিক সঙ্গীত সংস্থার সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে বাংলা গানের বিপণন, ডিজিটাল প্রসার এবং বিশ্বের শ্রোতাদের কাছে পৌঁছনোর নতুন দিগন্ত খুলে গেল এমনই দাবি দুই পক্ষের। এমনকী এর মাধ্যমে ভারতের আঞ্চলিক সঙ্গীতভিত্তিক ব্যবসা আরও শক্তিশালী করা এবং বাংলা গানের উন্নতিতে নতুন দিগন্ত খুলে দেওয়াই লক্ষ্য বলে দাবি দুই পক্ষের।
"পশ্চিমবাংলা হল সংস্কৃতির পীঠস্থান।"- ভিন রাজ্যের মানুষ যতবারই আসেন এ রাজ্যে বলে যান এ কথা। আর কলকাতা বললেই সিনেমা, থিয়েটারের পাশাপাশি একই সরণিতে এসে পড়ে বাংলা গানের কথাও। সময়ের সঙ্গে গানের ভাষা, মাধ্যম অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়েই বাংলার সঙ্গীতকে আরও বৃহত্তর ভাবে জাতীয় ও আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দিতে ‘ওয়ার্নার মিউজ়িক ইন্ডিয়া’র সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা করেছে ‘এসভিএফ মিউজ়িক’। এই জোটবন্ধনের মাধ্যমে ভারতের আঞ্চলিক সঙ্গীতভিত্তিক ব্যবসা আরও শক্তিশালী করার পাশাপাশি বাংলা গানের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্য নেওয়া হয়েছে বলে দাবি দুই সংস্থার।
এই অংশীদারিত্বের ফলে ওয়ার্নার মিউজিকের গ্লোবাল নেটওয়ার্ক এবং পূর্ব ভারতের অন্যতম প্রভাবশালী বিনোদন সংস্থা এসভিএফ-এর দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সমৃদ্ধ সঙ্গীত ভান্ডার সমৃদ্ধ হবে বলে দাবি করা হয়েছে। এর ফলে বাংলা গানের শিল্পী, চলচ্চিত্রের সাউন্ডট্র্যাক এবং বিভিন্ন ধরনের সঙ্গীতসৃষ্টিকে ভারতের সীমানা ছাড়িয়ে বিশ্বব্যাপী শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে বলেও দাবি উদ্যোক্তাদের।
তিন দশকেরও বেশি সময় ধরে বাংলা সিনেমা, টেলিভিশন, সঙ্গীত এবং ডিজিটাল কনটেন্টের জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এসভিএফ। ইতিমধ্যে 180টিরও বেশি বাংলা সিনেমা প্রযোজনা করেছে তারা। 1 হাজার 400টিরও বেশি ছবি পরিবেশনা করেছে। পাশাপাশি, বাংলা সঙ্গীতজগতে একাধিক জনপ্রিয় শিল্পীর সঙ্গে কাজ করে গড়ে তুলেছে একটি শক্তিশালী মিউজ়িক ক্যাটালগ। বাংলা ছবিতে গানের পাশাপাশি ‘এসভিএফ মিউজ়িক’ স্বাধীন গানবাজনা, লাইভ কনসার্ট এবং সীমান্তপারের সঙ্গীত উদ্যোগকেও নিয়মিত উৎসাহ দিয়ে থাকে।
এই প্রসঙ্গে সংস্থার অন্যতম কর্তা জয় মোহতা বলেন, "ভারতে বহু গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আন্দোলনের জন্ম হয়েছে বাংলায় এবং এখানকার সঙ্গীত প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। বাংলা সঙ্গীতের এই ঐতিহ্য গড়ে তোলার ক্ষেত্রে আমাদের সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই ভারতের আঞ্চলিক সঙ্গীতের ক্ষেত্রে আমাদের উপস্থিতি আরও সুদৃঢ় করার জন্য এসভিএফ-ই এই পদক্ষেপ করেছে। এই সহযোগিতার মাধ্যমে বাংলা শিল্পী এবং তাঁদের সৃষ্টিকে বিশ্বব্যাপী শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার নতুন পথ তৈরি হবে।"
এসভিএফ-এর আরেক প্রযোজক মহেন্দ্র সোনি বলেন, "গত তিন দশক ধরে বাংলা শিল্পী, সঙ্গীত এবং গল্প বলার পরিসরকে শক্তিশালী করার কাজ করে চলেছে এসভিএফ। বর্তমানে আঞ্চলিক সঙ্গীত, ভাষা ও ভৌগোলিক সীমারেখা পেরিয়ে নতুন শ্রোতাদের কাছে পৌঁছোচ্ছে। ওয়ার্নার মিউজিক ইন্ডিয়ার সঙ্গে এই অংশীদারিত্ব বাংলা সঙ্গীতকে আরও বৃহত্তর দর্শকের সামনে তুলে ধরার সুযোগ এনে দেবে। একই সঙ্গে শিল্পী ও তাঁদের সৃষ্টিকে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে।"