কলকাতা: দক্ষিণ কলকাতার পঞ্চসায়রে সঙ্গীতশিল্পী শিলাজিৎ মজুমদারের বাড়ি। যা স্থানীয়ভাবে ‘অ্যান্টেনা’ নামে পরিচিত। সেই বাড়িটির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক ও আইনি জটিলতা চলছে। বাড়িওয়ালা এবং তাঁর পরিবারের পক্ষ থেকে গায়কের বিরুদ্ধে বাড়ি দখলের গুরুতর অভিযোগ তোলা হয়েছে। দক্ষিণ কলকাতার যে বাড়িতে শিলাজিৎ থাকেন, সেটি নাকি তাঁর নিজের বাড়ি নয় এমনটাই অভিযোগ করেছেন অর্ণব বাচস্পতি চক্রবর্তী। এবার তাই নিয়ে মুখ খুললেন সঙ্গীতশিল্পী৷
অর্ণব বাচস্পতি চক্রবর্তী নামে এক ব্যক্তির অভিযোগ অনুযায়ী, ২০১১ সালে চুক্তির ভিত্তিতে নিজের বাড়ি ভাড়া দিয়েছিলেন তিনি। শিলাজিৎকে এক বছরের চুক্তিতে গান-বাজনা করার জন্য এই বাড়ি ভাড়া দিয়েছিলেন। কিন্তু সেই চুক্তি আর রিনিউ করা হয়নি। অন্যদিকে বাড়িতে গানের মহড়া ছাড়াও শিলাজিৎ নিজেও থাকতে শুরু করেন। বাড়ি ছেড়ে দেওয়ার কথা বললে নাকি শিলাজিৎ ৬ মাস সময় চেয়েছিলেন।
শিলাজিৎ বলছেন যে তিনি আইনি পথে এগোবেন। যেহেতু এই মামলাটি বিচারাধীন, তাই এই নিয়ে বিশেষ কিছু বলতে চাইলেন না শিল্পী। তবে তিনি বলেন, “অনেক কিছু সহ্য করেছি, সবটা সময় এলে প্রকাশ্যে আনবো। আইনের উপর আস্থা আছে। আইন মেনেই এগোবো”।
শিলাজিৎ বলেছেন, ‘গোটা বিষয়টি আদালতের বিচারাধীন। তাই এই মুহূর্তে এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা ঠিক হবে না। তবে সমাজমাধ্যমে যে ধরনের পোস্ট করা হয়েছে, তা আমায় হেনস্থা করার চেষ্টা মাত্র। কোর্টে একটা মামলা রয়েছে তাই সেটা নিয়ে কথা বলা আইন বিরুদ্ধ। তবে অতীতেও আমায় এভাবে হেনস্থা করা হয়েছে। এই নিয়ে সত্যি কিছু বলার নেই। তবে সময় এলে আমি সমস্তটাই প্রকাশ্যে আনবো।’