• খুলল জগদ্দলের বন্ধ অ্যালায়েন্স জুট মিল, মিষ্টিমুখ করে উদযাপনে মাতলেন কয়েক হাজার শ্রমিক
    News18 বাংলা | ১৮ জুন ২০২৬
  • খুলল জগদ্দলের বন্ধ অ্যালায়েন্স জুট মিল, মিষ্টিমুখ করে উদযাপনে মাতলেন শ্রমিকরা। ফলে দীর্ঘ প্রায় কয়েক মাস ধরে চলা অচলাবস্থার অবসান ঘটল বলেই মনে করা হচ্ছে। মন্ত্রী অর্জুন সিংয়ের উদ্যোগে ফের চালু হল ব্যারাকপুর শিল্পাঞ্চলের জগদ্দলের অ্যালায়েন্স জুট মিল বলেই দাবি। মিল খুলতেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন প্রায় দুই হাজারেরও বেশি শ্রমিক।

    আনন্দে মিষ্টিমুখ করে বুধবার একে অপরকে শুভেচ্ছা জানাতে দেখা যায় শ্রমিকদের। ২০২৫ থেকে বন্ধ হয়ে গিয়েছিল অ্যালায়েন্স জুট মিল। মিল বন্ধ হয়ে যাওয়ায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। ফলে চরম আর্থিক সংকটের মুখে পড়ে বহু শ্রমিক পরিবার। দীর্ঘদিন ধরে মিল চালুর দাবিতে শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে আন্দোলন ও প্রশাসনিক স্তরে একাধিক উদ্যোগ নেওয়া হয়। অবশেষে মন্ত্রী অর্জুন সিংয়ের নেতৃত্বে মালিকপক্ষ ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়।

    দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আজ থেকে পুনরায় উৎপাদন শুরু করবে অ্যালায়েন্স জুট মিল। মিল চালুর পর মন্ত্রী অর্জুন সিং বলেন, জুটশিল্প বাংলার ঐতিহ্য। শিল্পকে বাঁচিয়ে রাখা এবং শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। দীর্ঘদিন বন্ধ থাকা এই মিল চালু হওয়ায় বহু পরিবার আবার নতুন করে বাঁচার সুযোগ পেল। শ্রমিকদের একাংশের অভিযোগ, আগের সরকারের আমলে জুটশিল্প ধীরে ধীরে সংকটের মুখে পড়েছিল এবং একাধিক মিল বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। তবে বর্তমান সরকারের উদ্যোগে শিল্পাঞ্চলম নতুন আশা দেখছে বলেই মনে করছেন তাঁরা।

    মিলের এক শ্রমিকের কথায়, মিল বন্ধ হওয়ার পর সংসার চালানোই কঠিন হয়ে পড়েছিল। আজ আবার কাজে ফিরতে পেরে আমরা খুব খুশি। মন্ত্রীর উদ্যোগ না থাকলে হয়তো এই দিন দেখতে পেতাম না। মিল খোলার খবরে বুধবার সকাল থেকেই উৎসবের আবহ তৈরি হয় জগদ্দল এলাকায়। মিষ্টিমুখ করে শ্রমিকরা নিজেদের আনন্দ ভাগ করে নেন সহকর্মীদের সঙ্গে। তাঁদের আশা, এবার নিয়মিত উৎপাদন চলবে এবং জুটশিল্প আবারও পুরনো গৌরব ফিরে পাবে।
  • Link to this news (News18 বাংলা)